ব্রাহ্মণবাড়িয়া শহরের গুরুত্বপূর্ণ মোদকবাড়ির মোড়ে জেলা পরিষদের ২ দশমিক ২০ শতক জায়গা দখলমুক্ত করতে কার্যক্রম শুরু করেছে জেলা পরিষদ। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সার্ভেয়ারকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে জায়গাটি সরেজমিনে পরিদর্শন করেন এবং সীমানা নির্ধারণের কাজ শুরু করেন।


জেলা পরিষদ সূত্রে জানা যায়, মোদকবাড়ির মোড় এলাকায় জেলা পরিষদের ওই জায়গা দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন দখল করে সেখানে বাড়িঘর নির্মাণ করে বসবাস করছিলেন। বিষয়টি প্রশাসকের নজরে আসার পর সরকারি সম্পত্তি উদ্ধারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়।

citytouch 728-X-90


এর অংশ হিসেবে বুধবার সকালে জেলা পরিষদের সার্ভেয়ার দিয়ে জায়গাটি পরিমাপ ও সীমানা নির্ধারণের কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় অবৈধ দখলমুক্ত করে সরকারি সম্পত্তি সংরক্ষণে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান প্রশাসক।


আলহাজ্ব সিরাজুল ইসলাম বলেন, জেলা পরিষদের কোনো জায়গা অবৈধভাবে দখল করে রাখার সুযোগ নেই। সরকারি সম্পত্তি রক্ষায় নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জেলা পরিষদের অধীনস্থ জায়গাগুলো পর্যায়ক্রমে চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।


স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জায়গাটি নিয়ে জটিলতা ছিল। জেলা পরিষদের উদ্যোগে জায়গাটি উদ্ধারের কার্যক্রম শুরু হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন।


জেলা পরিষদ কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি সম্পত্তি রক্ষা ও জনস্বার্থ নিশ্চিত করতে অবৈধ দখলের বিরুদ্ধে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত থাকবে।