বগুড়ার ধুনট থানায় চুরির মামলায় গ্রেপ্তার হওয়া আট আসামির সঙ্গে দেখা করতে এসে পুলিশের হাতে ধরা পড়েছে একই চক্রের আরও দুই সদস্য। থানায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি ও কথাবার্তার একপর্যায়ে জিজ্ঞাসাবাদে তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর গ্রেপ্তার করা হয়।

গত ৩০ সেপ্টেম্বর ধুনট বাজারের একটি দোকান থেকে প্রকাশ্য দিবালোকে ৯৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চুরির ঘটনা ঘটে। পরে পুলিশ অভিযান চালিয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম টোলপ্লাজা এলাকা থেকে আন্তঃজেলা চোর চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করে এবং চুরি হওয়া মোবাইল ফোনগুলো উদ্ধার করে।

এরপর গ্রেপ্তার হওয়া আটজনের খোঁজখবর নিতে ও তদবির করতে ধুনট থানায় আসে চক্রটির আরও দুই সদস্য। থানায় তাদের গতিবিধি ও কথাবার্তা পুলিশের সন্দেহের সৃষ্টি করে।

citytouch 728-X-90

পরে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, তারাও ওই মোবাইল চুরির ঘটনায় সরাসরি জড়িত। এরপর তাৎক্ষণিকভাবে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় চুরি চক্রের মোট ১০ সদস্য গ্রেপ্তার হলো। অল্প সময়ের ব্যবধানে একই চক্রের সদস্যদের এভাবে গ্রেপ্তারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।