মোংলায় আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গু ও হামের প্রকোপ। গত ২৪ ঘন্টায় মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগী ২৫ জন এবং হামের রোগী ১৫ জন ভর্তি রয়েছে। গতজুন মাস থেকে ডেঙ্গু রোগী শনাক্ত হলেও সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে এসে আশংকাজনক হারে বেড়েই চলছে ডেঙ্গু রোগীর সংখ্যা। বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৫ জন ভর্তি থাকলেও আরও অনেক রোগী ডাক্তারের চিকিৎসা পরামর্শ নিয়ে বাসা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়া হামের প্রকোপও বেড়ে চলছে ব্যাপকহারে। বর্তমানে হাসপাতালে দেড় মাসের শিশুসহ নানা বয়সী ১৫ জন হাম আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। 

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাঃ মোঃ শাহীন হোসেন জানান, গতমাস থেকে চলতি মাসেও ডেঙ্গু ও রোগীর সংখ্যা ব্যাপক হারে বাড়ছে। হাসপাতালের বেড সংখ্যার চেয়ে রোগীর সংখ্যা কয়েকগুণ বেশি। এ পর্যন্ত জুন মাস থেকে ৪২৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং ২৫১ জন হাম রোগী চিকিৎসা নিয়েছেন।