যশোরের বেনাপোল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাগজপুকুর-কাগমারি এলাকায় গণসংযোগ শুরু করেছেন মেয়র পদপ্রার্থী মো. ইমদাদুল হক ইমদাদ। প্রথম দিনের গণসংযোগে তিনি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন এবং তাঁদের দৈনন্দিন সমস্যা ও দুর্ভোগের কথা শোনেন।
গণসংযোগকালে ইমদাদুল হক ইমদাদ বলেন, জনগণের সেবা করাই তাঁর রাজনীতির মূল লক্ষ্য। মানুষের সুখ-দুঃখের কথা শোনা, তাঁদের পাশে থাকা এবং এলাকার বাস্তব সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া একজন জনপ্রতিনিধির প্রধান দায়িত্ব।
তিনি আরও বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে কাগজপুকুর-কাগমারি এলাকার মানুষের প্রত্যাশা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে উন্নয়নমূলক কার্যক্রম এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এলাকার বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের মাধ্যমে নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
গণসংযোগের সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের বিভিন্ন দাবি ও প্রত্যাশার কথা শোনেন। পাশাপাশি এলাকার মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।
স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, এলাকার রাস্তাঘাট, পানি নিষ্কাশনসহ প্রয়োজনীয় নাগরিক সুবিধার উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। তাঁদের দৈনন্দিন দুর্ভোগ কমাতে জনপ্রতিনিধিরা সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন—এমন প্রত্যাশাও রয়েছে এলাকাবাসীর।
গণসংযোগে বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি মো. শাহাবুদ্দিন ও শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষিবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া এবং ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান টিটুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া তাইজুল ইসলাম বকুল, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ার আলী, মইদুল ইসলাম, আজগর আলী, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, যুবদল নেতা আসাদুজ্জামান আসাদ ও জনি হায়দারসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় কৃষকদল, ছাত্রদল, যুবদল ও শ্রমিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং কাগজপুকুর-কাগমারি এলাকার স্থানীয় ব্যক্তিরাও গণসংযোগে অংশ নেন।










