রাষ্ট্রায়ত্ত জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নতুন তিনজনকে মনোনয়ন দিয়েছে সরকার। মনোনীত ব্যক্তিদের মধ্যে দুজন বেসরকারি ব্যাংকের কর্মকর্তা।

এদিকে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খানের অবশিষ্ট মেয়াদ বাতিলের আগের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। ফলে তিনি আরও এক বছর ব্যাংকটির এমডি হিসেবে দায়িত্ব পালন করবেন।

সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদকে পৃথক চিঠি দিয়ে নতুন এমডি মনোনয়নের বিষয়টি জানিয়েছে। মনোনীত তিনজনকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার উদ্যোগ নিতে ব্যাংকগুলোর পর্ষদকে নির্দেশনা দেওয়া হয়েছে।

মনোনয়ন অনুযায়ী, সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মাহবুব আলম জনতা ব্যাংকের এমডি পদে দায়িত্ব পেতে যাচ্ছেন। জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) নূরুল হুদাকে বেসিক ব্যাংকের এমডি এবং যমুনা ব্যাংকের ডিএমডি নূর মোহাম্মদকে অগ্রণী ব্যাংকের এমডি পদে মনোনয়ন দেওয়া হয়েছে।

অন্যদিকে, সোনালী ব্যাংকের এমডি শওকত আলী খানের অবশিষ্ট মেয়াদ বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করায় তিনি আরও এক বছর দায়িত্বে থাকছেন।

তবে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে এখনো কাউকে মনোনয়ন দেয়নি আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।