বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল বাস্তবায়নে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরে অতিরিক্ত ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে চিঠি পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে পাঠানো চিঠিতে সই করেছেন উপসচিব মোহাম্মদ মনোয়ার হোসেন।
চিঠিতে বলা হয়েছে, শিক্ষাক্ষেত্রের উন্নয়নে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের অবদান গুরুত্বপূর্ণ। তাঁদের চাকরির সুযোগ-সুবিধা বৃদ্ধি, কল্যাণ এবং সার্বিক সেবার মান উন্নয়নে সরকার কাজ করছে। এ লক্ষ্যে শিক্ষাখাতে বাজেট বরাদ্দ বাড়ানো হচ্ছে, যা শিক্ষক-কর্মচারীদের জীবনযাত্রার মান ও পেশাগত দক্ষতা উন্নয়নে ভূমিকা রাখবে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন-ভাতা পাচ্ছেন। তাঁদের জন্য জাতীয় বেতন স্কেল ২০২৬ বা নবম পে-স্কেল বাস্তবায়ন করতে অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে।
এ ক্ষেত্রে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের জন্য অতিরিক্ত ২ হাজার ৫৩১ কোটি ৫৪ লাখ টাকা এবং বেসরকারি কলেজের জন্য ৭৩৬ কোটি ৩৬ লাখ টাকা প্রয়োজন হবে। সব মিলিয়ে অতিরিক্ত বরাদ্দের পরিমাণ দাঁড়াবে ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা।
এ অর্থ ২০২৬-২৭ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অনুকূলে বরাদ্দ দেওয়ার জন্য অর্থ বিভাগের কাছে অনুরোধ জানানো হয়েছে। তবে বরাদ্দের বিষয়ে অর্থ বিভাগের সিদ্ধান্তের পরই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পরবর্তী পদক্ষেপ স্পষ্ট হবে।









