রোমান্টিক আবহের একটি গান বর্তমানে ফেসবুক ও ইনস্টাগ্রাম রিলসে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ‘দিলরুবা দিলনাশী’ শিরোনামের গানটির কণ্ঠশিল্পী ভারতের অরুণাচল প্রদেশের গায়ক ও গীতিকার রিতো রিবা। গানটি দিয়ে ভারতসহ উপমহাদেশের সংগীতপ্রেমীদের নজর কেড়েছেন তিনি।
তবে এই সাফল্যের পথচলা শুরু হয়েছিল আরও কয়েক বছর আগে। ২০২২ সালে নিজের লেখা ও সুর করা গান ‘হীর রঞ্জা’ গেয়ে ‘ইন্ডিয়ান আইডল ১৩’-এর অডিশনে অংশ নিয়েছিলেন রিতো। বিচারক ও দর্শকদের প্রশংসা পেলেও শেষ পর্যন্ত সেরা ১৫ প্রতিযোগীর তালিকায় জায়গা হয়নি তাঁর। বাদ পড়ার পরও সংগীতচর্চা চালিয়ে যান এই শিল্পী।
রিতো রিবার সংগীতযাত্রা
অরুণাচল প্রদেশের পাসিঘাটে জন্ম ও বেড়ে ওঠা রিতো রিবা ছোটবেলা থেকেই মায়ের কণ্ঠে লোকগান শুনে বড় হয়েছেন। অল্প বয়সেই সংগীতের প্রতি আগ্রহ তৈরি হয় তাঁর। ২০১৪-১৫ সালের দিকে ইউটিউবে বিভিন্ন গানের কভার প্রকাশ করতে শুরু করেন। ধীরে ধীরে নিজেই গান লেখা ও সুর করার দিকে মনোযোগী হয়ে ওঠেন।
‘ইন্ডিয়ান আইডল’-এ অডিশনের পর তাঁর পরিচিতি বাড়ে, বিশেষ করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের শ্রোতাদের কাছে। পরবর্তী সময়ে ‘প্লে ডিএমএফ’ মিউজিক লেবেলের ব্যানারে মুক্তি পায় তাঁর ‘হীর রঞ্জা’ গানটি। শিবাঙ্গী যোশী ও রোহিত খান্ডেলওয়াল অভিনীত গানটির মিউজিক ভিডিও ইউটিউবে কোটি কোটি দর্শক দেখেছেন।
এরপর একে একে প্রকাশিত হয় ‘মেরি বানোগি কেয়া’, ‘ইক তু হি হ্যায়’, ‘বাস তেরা’ ও ‘ইবাদাতে’র মতো গান। পাশাপাশি ঈশান খট্টর ও তারা সুতারিয়া অভিনীত ‘পেয়ার আতা হ্যায়’ গানে শ্রেয়া ঘোষালের সঙ্গেও কণ্ঠ দিয়েছেন তিনি।
‘দিলরুবা দিলনাশী’ যেভাবে জনপ্রিয় হলো
রিতো রিবার সর্বশেষ গান ‘দিলরুবা দিলনাশী’ জায়গা পেয়েছে পাঁচটি গান নিয়ে তৈরি ইপি (এক্সটেন্ডেড প্লে) ‘দিলফেক’-এ। চলতি বছরের ১৬ অক্টোবর মুক্তি পাওয়া এই ইপির অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে গানটি।
রেট্রো-পপ সুর, কাব্যিক কথা ও পুরোনো দিনের রোমান্টিক আবহ গানটিকে আলাদা পরিচিতি দিয়েছে। ইপিতে আরও রয়েছে ‘মখমলি’, ‘জোগানিয়া’, ‘জখমি’ ও ‘জিকর হো’। ইন্ডি-পপ, রেট্রো-পপ ও রাজস্থানি লোকসংগীতের মিশেলে তৈরি গানগুলোতে ভালোবাসার নানা অনুভূতি তুলে ধরা হয়েছে।
গানটির প্রতি শ্রোতাদের সাড়াও বেশ উল্লেখযোগ্য। দ্য বেটার ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ১৬ নভেম্বর নাগাদ ‘দিলরুবা দিলনাশী’ শাজাম ইন্ডিয়ার চার্টে প্রথম এবং স্পটিফাই ইন্ডিয়ার দৈনিক চার্টে চতুর্থ স্থানে উঠে আসে।
মাতৃভাষার গানেও সমান আগ্রহ
হিন্দি গানের পাশাপাশি নিজের মাতৃভাষার প্রতিও ভালোবাসা ধরে রেখেছেন রিতো রিবা। ২০২৫ সালে তিনি প্রকাশ করেন পাঁচ গানের ইপি ‘নেটিভ নোটস’। এই ইপির গানগুলো তাঁর মাতৃভাষা গালো ভাষায় গাওয়া।
‘ইন্ডিয়ান আইডল’-এর সেরা ১৫-তে জায়গা না পেলেও নিজের প্রতিভা ও ধারাবাহিক সংগীতচর্চার মাধ্যমে আজ শ্রোতাদের কাছে পরিচিত নাম হয়ে উঠেছেন রিতো রিবা। তাঁর ‘দিলরুবা দিলনাশী’ গানটির জনপ্রিয়তা সেই যাত্রায় যোগ করেছে নতুন মাত্রা।









