সরকারি চাকরি


সরকারি চাকরিজীবীদের বেতন কত?


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৫ মার্চ ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন, রবিবার

সরকারি চাকরিজীবীদের বেতন কত?

ছবি: সংগৃহীত


বাংলাদেশে সরকারি চাকরি অনেকের কাছেই যেন ‘সোনার হরিণ’। স্থায়ী চাকরি, নির্দিষ্ট বেতন, বিভিন্ন ভাতা ও অবসর সুবিধার কারণে এ চাকরির প্রতি তরুণদের আগ্রহ দীর্ঘদিন ধরেই বেশি। তবে অনেকের মনে প্রশ্ন থাকে সরকারি চাকরিজীবীদের বেতন আসলে কত এবং ভবিষ্যতে তা কত হতে পারে?

 

এবার সেই বেতনে বড় ধরনের পরিবর্তনের সুপারিশ করেছে জাতীয় বেতন কমিশন। কমিশনের প্রস্তাব অনুযায়ী, সরকারি চাকরিজীবীদের বেতন–ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে। তবে আগের মতোই ২০টি গ্রেড বা ধাপ বহাল রাখার সুপারিশ করা হয়েছে।

 

সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন ২৩ সদস্যের জাতীয় বেতন কমিশন বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে বেতন–ভাতা বৃদ্ধির সুপারিশসংবলিত প্রতিবেদন জমা দিয়েছে। রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী, অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদারসহ কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

প্রধান উপদেষ্টা প্রতিবেদন গ্রহণ করে বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ কাজ এবং দীর্ঘদিন ধরে মানুষ এমন একটি সংস্কারের অপেক্ষায় ছিল। তিনি প্রতিবেদনের সারসংক্ষেপ দেখে এটিকে একটি সৃজনশীল উদ্যোগ বলেও মন্তব্য করেন।

 

কমিশনের সুপারিশ অনুযায়ী, সর্বনিম্ন ধাপের বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। অন্যদিকে সর্বোচ্চ ধাপের বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে। এতে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত দাঁড়াবে ১:৮, যা বর্তমানে ১:৯ দশমিক ৪।

 

কমিশনপ্রধান জাকির আহমেদ খান জানিয়েছেন, এই সুপারিশ বাস্তবায়ন করতে হলে সরকারের প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয় হতে পারে। বর্তমানে প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগীর জন্য সরকারের মোট ব্যয় প্রায় ১ লাখ ৩১ হাজার কোটি টাকা।

 

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী বিভিন্ন গ্রেডে বেতনের বড় পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। দ্বিতীয় গ্রেডে বর্তমান ৬৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৩২ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে। তৃতীয় গ্রেডে ৫৫ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ১৩ হাজার টাকা এবং চতুর্থ গ্রেডে ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করার সুপারিশ করা হয়েছে।

 

পঞ্চম গ্রেডে ৪৩ হাজার টাকা থেকে ৮৬ হাজার টাকা, ষষ্ঠ গ্রেডে ৩৫ হাজার ৫০০ টাকা থেকে ৭১ হাজার টাকা এবং সপ্তম গ্রেডে ২৯ হাজার টাকা থেকে ৫৮ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

 

এ ছাড়া অষ্টম গ্রেডে ২৩ হাজার টাকা থেকে ৪৭ হাজার ২০০ টাকা, নবম গ্রেডে ২২ হাজার টাকা থেকে ৪৫ হাজার ১০০ টাকা এবং দশম গ্রেডে ১৬ হাজার টাকা থেকে ৩২ হাজার টাকা করার সুপারিশ রয়েছে।

 

একাদশ গ্রেডে ১২ হাজার ৫০০ টাকা থেকে ২৫ হাজার টাকা, দ্বাদশ গ্রেডে ১১ হাজার ৩০০ টাকা থেকে ২৪ হাজার ৩০০ টাকা এবং ত্রয়োদশ গ্রেডে ১১ হাজার টাকা থেকে ২৪ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।

 

চতুর্দশ গ্রেডে ১০ হাজার ২০০ টাকা থেকে ২৩ হাজার ৫০০ টাকা, পঞ্চদশ গ্রেডে ৯ হাজার ৭০০ টাকা থেকে ২২ হাজার ৮০০ টাকা এবং ষোড়শ গ্রেডে ৯ হাজার ৩০০ টাকা থেকে ২১ হাজার ৯০০ টাকা করার সুপারিশ করা হয়েছে।

 

এ ছাড়া সপ্তদশ গ্রেডে ৯ হাজার টাকা থেকে ২১ হাজার ১০০ টাকা, অষ্টাদশ গ্রেডে ৮ হাজার ৮০০ টাকা থেকে ২১ হাজার টাকা এবং উনবিংশ গ্রেডে ৮ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার ৫০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

 

অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, বেসামরিক সরকারি চাকরিজীবীদের জন্য প্রতিবেদন জমা হওয়ার পর এখন সামরিক ও বিচার বিভাগের জন্য আলাদা বেতন কমিশন চূড়ান্ত করা হবে। পাশাপাশি মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব এবং জ্যেষ্ঠ সচিবদের জন্য ২০ ধাপের বাইরে একটি বিশেষ ধাপ নির্ধারণের পরিকল্পনাও রয়েছে।


সম্পর্কিত

সরকারি চাকরিচাকরির বেতনবেতন

জনপ্রিয়


সরকারি চাকরি থেকে আরও পড়ুন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ১৪ পদে ৬৮ জনের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১৪টি পদে মোট ৬৮ জনকে বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে। আবেদন প্রক্রিয়া শুরু হবে ১২ মার্চ ২০২৬ থেকে এবং চলবে ২৩ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন; অনলাইনের বাইরে অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।