

নিজস্ব প্রতিবেদকঃ চীনে হু হু করে দিনদিন বাড়ছে করোনা পরিস্থিতি। মহামারি মোকাবেলায় জিরো কোভিড নীতি মেনে চললেও মঙ্গলবার দেশটিতে নতুন করে একদিনে ৫ হাজার ২৮০ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। যা আগের দিনের চেয়ে দ্বিগুণেরও বেশি। খবর এনডিটিভি- এবিসি নিউজ।
দেশটির স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা জানান, মঙ্গলবার উত্তর-পূর্বাঞ্চলীয় জিলিন প্রদেশে ৩ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছে, যেখানে সবচেয়ে বেশি আটকা পড়েছে প্রায় ২ কোটি ৪০ লাখ মানুষ।
কোভিড সংক্রমণ বাড়ার কারণে দেশটির ১৩টি শহরে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়। এছাড়া আরও কয়েকটি শহর আংশিক লকডাউন করা হয়েছে। এতে করে সব মিলিয়ে প্রায় ৩ কোটি মানুষ ঘরবন্দি অবস্থায় রয়েছে।
এদিকে প্রাদেশিক শহর চাংচুন ও দক্ষিণাঞ্চলীয় প্রযুক্তি কেন্দ্র শেনজেনে তিনদিন ধরে লকডাউন চলছে। যেখানে প্রায় ২ কোটি ৬৫ লাখ মানুষের বসবাস। যেখানকার অনেক কল-কারখানা, শপিং সেন্টার বন্ধ রয়েছে। তার আশপাশের সিটিগুলোতে লকডাউন দেওয়ায় বেইজিংয়ের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে কড়াকড়ি বিধিনিষেধ দেওয়া হয়েছে।
২০১৯ সালের ৩১ ডিসেম্বরে সর্বপ্রথম চীনের উহান শহরে শনাক্ত হয় করোনা ভাইরাস। গেলো দুই বছরের বেশি সময় ধরে গোটা বিশ্বে তাণ্ডব চললেও কিছুদিনের মধ্যেই মহামারি নিয়ন্ত্রণে আনে চীন। তবে সম্প্রতি করোনা পরিস্থিতির ভয়াবহতা বেড়ে যাওয়ায় নতুন করে বানানো হচ্ছে কোভিড হাসপাতাল।



