বাংলাদেশি নাগরিকদের ভিসা আবেদন গ্রহণ ও কনস্যুলার সেবা দিতে ঢাকায় আসছে রোমানিয়ার একটি প্রতিনিধিদল। আগামী ৮ থেকে ১১ অক্টোবর ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সেবা দেওয়া হবে। শুক্রবার (২ অক্টোবর) দিল্লিতে অবস্থিত রোমানিয়া দূতাবাস এ তথ্য জানিয়েছে। উচ্চশিক্ষার জন্য রোমানিয়ায় যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের স্টাডি ভিসার আবেদন জমা দেওয়ার সুযোগ করে দিতে এ ভ্রাম্যমাণ কনস্যুলার মিশনের আয়োজন করা হচ্ছে। পাশাপাশি বাংলাদেশি নাগরিকদের অন্যান্য জরুরি কনস্যুলার বিষয়েও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। তবে ভিসা আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে বিশেষ শর্ত দিয়েছে রোমানিয়া দূতাবাস। শুধু রোমানিয়ার অফিসিয়াল ইভিসা পোর্টালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করা আবেদনকারীদের কাছ থেকেই আবেদন গ্রহণ করা হবে। যেসব আবেদনকারী ইভিসা পোর্টালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টের নিশ্চয়তা পাননি, তারা ঢাকায় ভ্রাম্যমাণ কনস্যুলার মিশনের সময় ভিসার আবেদন জমা দিতে পারবেন না। দূতাবাস জানিয়েছে, কনস্যুলার মিশনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং আবেদনকারীদের মধ্যে বিভ্রান্তি এড়াতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। আবেদনকারীদের অ্যাপয়েন্টমেন্টের নিশ্চয়তাপত্র ভালোভাবে যাচাই করার পাশাপাশি নির্ধারিত সময়ের আগেই প্রয়োজনীয় সব নথিপত্র প্রস্তুত রাখার পরামর্শ দিয়েছে দূতাবাস।
ভিসা আবেদনে সহায়তা করতে ঢাকায় আসছে রোমানিয়ার প্রতিনিধিদল
৮ থেকে ১১ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভ্রাম্যমাণ কনস্যুলার মিশন
প্রকাশিত:
পড়তে ১ মিনিট

খবরটি শেয়ার করুন








