ভারতের উত্তরাখণ্ডে ৪.৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর কম্পন রাজধানী দিল্লিসহ আশপাশের বিভিন্ন এলাকাতেও অনুভূত হয়েছে। রাতে ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি।
ভূমিকম্পের তীব্র কম্পন অনুভূত হওয়ার পর দিল্লি ও আশপাশের এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ভূমিকম্পের অভিজ্ঞতা জানিয়ে পোস্ট করেন।
দক্ষিণ দিল্লির সফদরজং এলাকার এক বাসিন্দা জানান, ভূমিকম্পের সময় তিনি সোফায় বসেছিলেন। একপর্যায়ে তিনি সোফাটি নড়তে দেখতে পান।
ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয় নানা আলোচনা ও রসিকতা। অনেকে বিভিন্ন সিনেমা ও টেলিভিশন সিরিজের জনপ্রিয় দৃশ্য, মিম ও জিআইএফ শেয়ার করে নিজেদের প্রতিক্রিয়া জানান। ভূমিকম্পের মাত্রা তুলনামূলক কম হলেও দিল্লির মানুষের আতঙ্কিত প্রতিক্রিয়া নিয়ে মজার পোস্টও দেখা যায়।
এর আগে একই দিনে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের নগাঁও জেলায় ৪.৫ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়।
সিসমোলজি বিভাগের তথ্য অনুযায়ী, ভোরে অনুভূত ওই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৩৩ কিলোমিটার গভীরে।
উত্তরাখণ্ড ও আসামে পরপর ভূমিকম্পের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হলেও এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।









