ভারতের দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, ককক্রোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠীকে আটক করার খবর পাওয়া গেছে।
শনিবার (১০ অক্টোবর) সকালে যন্তর মন্তর রোডে কেরালা হাউসের কাছে পিনারাই বিজয়নকে আটক করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পরে তাঁকে দিল্লির ছত্রশাল স্টেডিয়াম কমপ্লেক্সের ভেতরে রাখা হয়েছে বলে জানা গেছে।
এদিকে, বিক্ষোভে যোগ দেওয়ার আগেই সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করে দিল্লি পুলিশ। মুম্বাই থেকে আসা এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ দিল্লিতে অবতরণের পরপরই তাঁকে আটক করা হয় বলে জানা গেছে। এ সময় তাঁর সঙ্গে থাকা দলের আরও দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকেও আটক করা হয়।
সিজেপির নেতাদের সঙ্গে বিক্ষোভে অংশ নিতে জার্মানি থেকে ভারতে এসেছিলেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠী। শনিবার সকালে গুরগাঁওয়ের সেক্টর ৫৬ এলাকায় তাঁর বাসা থেকে তাঁকে আটক করা হয়েছে বলে জানা গেছে। ৩২ বছর বয়সী এই ইউটিউবারকে আটক করতে দিল্লি পুলিশের প্রায় ৫০ জন সদস্য সেখানে গিয়েছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।
এ ছাড়া সিজেপির আইন বিভাগের প্রধান রত্না সিংও বিক্ষোভের আগে তাঁকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন। এ বিষয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন।
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সিজেপির বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে দিল্লি ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। কর্মসূচিতে যোগ দিতে আসা বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের নেতাদের আটকের খবর সামনে আসায় পরিস্থিতি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।










