ভারতের দিল্লিতে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সর্বভারতীয় সভাপতি নেহা বোরাকে আটক করেছে পুলিশ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তিনি ভারতের বামপন্থি দল সিপিআইএমএল (লিবারেশন)-এর ছাত্রসংগঠনটির নেতৃত্বে রয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, দিল্লির আইএনএ এলাকার কাছে বিক্ষোভকারীদের আটক করতে শুরু করে পুলিশ। আইসা নেত্রী নেহা বোরা ও সমাজকর্মী যোগেন্দ্র যাদবের নেতৃত্বে ‘দিল্লি হাট’ অভিমুখে একটি পদযাত্রা শুরুর পর এ অভিযান চালানো হয়।

পুলিশি ধরপাকড়ের মুখে নেহা বোরা বিক্ষোভ কর্মসূচির স্থান পরিবর্তন করে ‘দিল্লি হাট’-এ নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন। এ সময় তিনি বলেন, ‘দিল্লি হাটই এখন আমাদের যন্তর মন্তর হয়ে উঠবে।’

citytouch 728-X-90

বিক্ষোভের আগে আটক একাধিক পরিচিত মুখ

শনিবার (১০ অক্টোবর) দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে তরুণেরা জড়ো হন। নির্বাচন কমিশনের কথিত অনিয়মের প্রতিবাদ এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এর আগে কর্মসূচিতে যোগ দিতে আসা কয়েকজন পরিচিত ব্যক্তি ও কনটেন্ট ক্রিয়েটরকে আটক করার খবর সামনে আসে। তাঁদের মধ্যে ধ্রুব রাঠি, তুষার গান্ধী, অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের নাম উল্লেখ করা হয়েছে।

বিক্ষোভকে কেন্দ্র করে একের পর এক আটকের ঘটনায় দিল্লির রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এবং তাঁদের আটকের বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য জানা যায়নি।