ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালনের জন্য নতুন করে তিনটি স্থান নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন একটি কমিটির সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে যন্তর মন্তরে আর বিক্ষোভ বা অবস্থান কর্মসূচি পালন করা যাবে না।
সোমবার (১২ অক্টোবর) এ সিদ্ধান্তের তথ্য সামনে আসে। নতুন নির্ধারিত স্থানগুলো হলো রামলীলা ময়দান, বুরারি ময়দান এবং পূর্ব দিল্লির সিবিডি গ্রাউন্ড।
এত দিন কেন্দ্রীয় দিল্লির উচ্চ নিরাপত্তাবেষ্টিত এলাকায় অবস্থিত যন্তর মন্তর বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচির অন্যতম নির্ধারিত স্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন সেখানে সমাবেশ, অবস্থান এবং প্রতিবাদ কর্মসূচি পালন করত।
তবে নতুন সিদ্ধান্তের ফলে বিক্ষোভকারীদের জন্য নির্ধারিত স্থান পরিবর্তন হচ্ছে। এখন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নতুন তিনটি স্থানে কর্মসূচি আয়োজন করতে হবে।
ভারতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কার্যক্রম নিয়ে বিতর্কের মধ্যে এ সিদ্ধান্ত সামনে এসেছে। সম্প্রতি এসব ইস্যুতে বিরোধী জোট ‘ইন্ডিয়া’সহ বিভিন্ন রাজনৈতিক পক্ষ ও সংগঠন প্রতিবাদ কর্মসূচি পালন করেছে।
নতুন স্থান নির্ধারণের সিদ্ধান্তে দিল্লিতে বিক্ষোভ ও রাজনৈতিক সমাবেশ আয়োজনের ক্ষেত্রে কী ধরনের পরিবর্তন আসে, তা এখন দেখার বিষয়।










