ভারতের গ্রেটার নয়ডায় একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে তিন শিশুও রয়েছে। শুক্রবার রাতে খাবার খেয়ে ঘুমাতে যাওয়ার পর শনিবার সকালে তাদের মৃত অবস্থায় পাওয়া যায়। পরিবারটির নুডলস খাওয়ার তথ্য সামনে আসার পর খাদ্যে বিষক্রিয়ার সম্ভাবনা খতিয়ে দেখছে পুলিশ। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হয়নি।

মৃত ব্যক্তিরা হলেন ৩৭ বছর বয়সী মহেশ, তাঁর স্ত্রী ৩৫ বছর বয়সী ললিতা এবং তাঁদের তিন সন্তান। সন্তানদের মধ্যে দুই ছেলের বয়স ১১ ও ৩ বছর এবং মেয়ের বয়স ৭ বছর।

স্থানীয় বাসিন্দা ও পরিবারের এক সদস্যের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার রাতে তাঁরা নুডলস খেয়েছিলেন। এরপর ঘুমাতে যান। শনিবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পাঁচজনের মরদেহ উদ্ধার করে।

গ্রেটার নয়ডার সহকারী পুলিশ কমিশনার রাজীব কুমার সিসোদিয়া জানান, শুক্রবার রাতে খাবার খাওয়ার পর পরিবারের সদস্যরা বিছানায় শুয়েছিলেন। ধারণা করা হচ্ছে, ঘুমের মধ্যেই তাঁদের মৃত্যু হয়েছে।

ঘটনাস্থলে পুলিশ, ফরেনসিক দল ও খাদ্য নিরাপত্তা বিভাগের কর্মকর্তারা গিয়ে আলামত সংগ্রহ করেছেন। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা নথিভুক্ত হয়নি। তদন্তের ফলাফল ও ময়নাতদন্তের প্রতিবেদন পর্যালোচনা করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

তবে পরে খাদ্য নিরাপত্তা বিভাগের এক কর্মকর্তা জানান, পরিবারের খাওয়া খাবারের প্যাকেট পরীক্ষা করে মেয়াদোত্তীর্ণ বা সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। বমি বা ডায়রিয়ার মতো লক্ষণ না থাকায় খাদ্যে বিষক্রিয়ার বদলে অন্য কোনো ধরনের বিষক্রিয়া ঘটেছে কি না, সেই সন্দেহও খতিয়ে দেখা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাননি তদন্তকারীরা।