

নিজস্ব প্রতিবেদক:আফ্রিকার দেশ কঙ্গোতে দ্রুতগাতির ট্রেন লাইনচ্যুত হয়ে ৬১ জন নিহতের পাশাপাশি আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক মানুষ। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে দেশটিতে এই ঘটনা ঘটে। পরবর্তীতে শনিবার বিষয়টি নিশ্চিত করে দেশটির রাষ্ট্রীয় রেল কতৃপক্ষ।
প্রাদেশিক গভর্নর ফিফি মাসুকার উদ্ধৃতি দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দেশটির লুয়েন থেকে টেনকে শহরের দিকে যাচ্ছিলো ট্রেনটি। এসময় বুয়োফওয়ে গ্রামে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেনটি লাইনচ্যুত হয়ে খাদে পড়ে যায়। এতে ৬১ জন নিহত হয়। যার মধ্যে নারী ও দুইজন শিশু রয়েছে। গুরুতর অবস্থায় আরো ৫২ জনকে উদ্ধার করা হলেও ঘটনাস্থলে এখনো বেশকিছু মৃতদেহ আটকা পড়ে আছে বলে জানা গেছে।
কঙ্গোর এসএনসিসি ট্রেন অপারেটরের পরিকাঠামোর পরিচালক মার্ক ম্যানয়োঙ্গা জানান, ট্রেনটিতে ১৫ টি বগির মধ্যে ১২ টিই খালি ছিলো। তবে কি কারণে দুর্ঘটনা ঘটেছে তা এখনও ঠিক পরিস্কার নয়।
তিনি আরো বলেন, সোমবারের মধ্যে রেললাইনটি পুনরায় স্বাভাবিক করতে কঠোর পরিশ্রম করছে আমার টিম। আশারাখি যথাসময়েই তারা তাদের কাজ শেষ করবে।
প্রসঙ্গত, কঙ্গোতে ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী ও মালামাল বহনসহ লাইনে ত্রুটির কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। এর আগে গত অক্টোবরে একই প্রদেশে ট্রেন দুর্ঘটনায় ৯ জন নিহত হন।


