

যদি নিজেদের অস্তিত্ব হুমকির মুখে পড়ে তাহলে পারমাণবিক অস্ত্র ব্যবহারের আশ্রয় নিবে রাশিয়া। তবে ইউক্রেন সংঘাতে এর আশঙ্কা নেই বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ।
তিনি বলেছেন , আমাদের দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা আছে এবং এটি সার্বজনীন। সুতরাং এটি যদি আমাদের দেশের জন্য অস্তিত্বের হুমকি হয়, তবে আমাদের ধারণা অনুসারে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা যেতে পারে। তবে ইউক্রেন অভিযানে এ অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নেই।
এসময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে 'কসাই' বলে অভিহিত করা এবং 'তার আর ক্ষমতায় থাকা উচিত নয়' মন্তব্য নিয়ে জানতে চাওয়া হলে পেসকোভ বলেন, 'এটি বেশ উদ্বেগজনক।
তিনি আরো বলেন, ইউক্রেন হামলায় রুশ সেনারা বাড়ি, অ্যাপার্টমেন্ট বা বেসামরিক স্থাপনার ওপর বোমাবর্ষণ করছে না। তারা শুধুমাত্র সামরিক অবকাঠামো লক্ষ্য করে বোমাবর্ষণ করছে।


