

অর্থনৈতিক সংকট মোকাবিলায় সরকারের ব্যর্থতার জেরে শ্রীলঙ্কার মন্ত্রিসভার সকল সদস্য পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি গোতাবায় রাজাপাকসে ও তার বড় ভাই প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ছাড়া মন্ত্রিসভার ২৬ সদস্য তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। এর আগে কারফিউ উপেক্ষা করে শ্রীলঙ্কার বিক্ষোভকারীরা বেশ কয়েকটি শহরের রাস্তায় নেমে বিক্ষোভ করে । বিবিসি-আল জাজিরা
রোববার (৩ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেন লঙ্কান শিক্ষামন্ত্রী দীনেশ গুণবর্ধন। তিনি জানান, পদত্যাগীদের তালিকায় রয়েছেন অর্থ ও কৃষিমন্ত্রীর দায়িত্বে থাকা প্রধানমন্ত্রীর দুই ভাই এবং নিজ সন্তান ক্রীড়ামন্ত্রী নমল রাজাপাকসে। টুইটে তারা বলেছেন, পদত্যাগ করে দেশে শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে চান তারা।
এদিকে জরুরি অবস্থার মধ্যেও শ্রীলঙ্কায় অব্যাহত রয়েছে সরকারবিরোধী বিক্ষোভ। রোববারও রাস্তায় নামেন শত শত মানুষ। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে নিরাপত্তাবাহিনী। এদিন কারফিউ লঙ্ঘনের অভিযোগে রাজধানী কলম্বোসহ বিভিন্ন শহর থেকে কয়েকশো বিক্ষোভকারীকে আটক করে পুলিশ।
গত কয়েক মাসে শ্রীলঙ্কার বিদেশি মুদ্রার রির্জাভ ঠেকেছে তলানিতে। ফলে জ্বালানি কিনতে পারছে না দেশটির সরকার। এমন পরিস্থিতিতে দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎ না থাকা ও সেইসাথে দ্রব্যমূল্যের ভয়াবহ ঊর্ধ্বগতিতে হাঁসফাঁস অবস্থা শ্রীলঙ্কার সাধারণ মানুষের।



