
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের বেশিরভাগ শেয়ারের হোল্ডার এখন যুক্তরাষ্ট্রের ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং রকেট নির্মাতা প্রতিষ্ঠান ‘স্পেস এক্স’ এর প্রধান নির্বাহী ইলন মাস্ক। সোমবার (৪ এপ্রিল) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। সূত্র-রয়টার্স।
বিজনেস ইনসাইডারের এক খবরে বলা হয়েছে, জনপ্রিয় মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম টুইটারের ৯ দশমিক ২ শতাংশ শেয়ার কিনেছেন ইলন মাস্ক। এর মাধ্যমে টুইটারের বৃহত্তম শেয়ার হোল্ডারে পরিণত হলেন মাস্ক। যার মোট অর্থমূল্য প্রায় ৩০০ কোটি ডলার। টুইটার শেয়ার কেনার পর এক ধাক্কায় কোম্পানিটির শেয়ারমূল্য ২৫ শতাংশ বেড়ে গেছে।
রয়টার্স প্রতিবেদনে জানিয়েছে, টুইটারের সাত কোটি ৩৫ লাখ শেয়ার কিনেছেন ইলন। শেয়ারগুলো বর্তমানে ‘ইলন মাস্ক রিভোকেবল ট্রাস্ট’-এর তত্ত্বাবধানে রয়েছে। এর একমাত্র তত্ত্বাবধায়ক ইলন নিজেই।
২০০৯ সালে সাইটটিতে যোগ দেওয়া মাস্ক নিজেও টুইটার ব্যবহারকারী হিসেবে যথেষ্ট সক্রিয়। বর্তমানে তার ফলোয়ার সংখ্যা আট কোটির উপর।



