
ইউক্রেনে আগ্রাসী আক্রমণের ঘটনায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই মেয়ের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার হোয়াইট হাউজের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
নতুন এই নিষেধাজ্ঞার আওতায় এসেছে দেশটির সরকারি ও বেসরকারি ব্যাংকও। খবর-রয়টার, এবিসি নিউজ।
পুতিনের দুই মেয়ে মারিয়া ভরোন্তোসভা ও ক্যাটেরিনা টিখোনোভা এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন। পুতিন ও তার সাবেক স্ত্রী লুদমিলা শেকরেবনেভার সন্তান তারা।
এই নিষেধাজ্ঞায় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের স্ত্রী ও মেয়ে এবং রুশ নিরাপত্তা কাউন্সিলের সদস্যরাও রয়েছেন। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ এবং বর্তমান প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনও এর আওতায় পড়েছেন।
মার্কিন সিনিয়র এক কর্মকর্তা বলেন, পুতিনের অনেক সম্পদ তার পরিবারের সদস্যদের ও কন্যাদের নামের আড়ালে গোপন রাখা হয়েছে বলে তাদের বিশ্বাস। এ কারণেই তাদের ওপর এই নিষেধাজ্ঞা জারি হয় বলেও মন্তব্য করেন তিনি।
হোয়াইট হাউজ সূত্রে জানা যায়, এসব ব্যক্তিবর্গ রাশিয়ার জনগণের অর্থে নিজেদের বিত্তশালী করেছেন। এরা ইউক্রেনে পুতিনের যুদ্ধে প্রয়োজনীয় সমর্থনও প্রদান করেছেন।



