রাজবাড়ীর পাংশায় দাবিকৃত দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় একটি ঋষি পরিবারের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। সম্প্রতি মুখোশধারী দুর্বৃত্তরা বাড়ির বেড়া ভেঙে ঘরে প্রবেশ করে নগদ টাকা ও মালপত্র নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এ ঘটনার পর থেকে আতঙ্কে দিন কাটছে পরিবারটির। এ ঘটনায় ভুক্তভোগী সুশীল কুমার ঋষি পাংশা থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি উপজেলার মৌরাট ইউনিয়নের ঋষিপাড়ার বাসিন্দা। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় ঘোষ। অভিযোগে সুশীল কুমার ঋষি জানান, গত ১৪ সেপ্টেম্বর রাত ১১টার দিকে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তার বাড়িতে গিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। একই সঙ্গে তার প্রবাসী ছেলের কাছেও ফোন করে চাঁদা চাওয়া হয়। টাকা না দিলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। এরপর গত রোববার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে দুর্বৃত্তরা আবারও তার বাড়িতে যায়। এ সময় তারা প্রথমে গালিগালাজ করে এবং পরে ঘরের বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করে। একপর্যায়ে ঘরে থাকা নগদ ১০ হাজার টাকা ও কিছু মালপত্র নিয়ে যায় তারা। যাওয়ার সময় পাঁচ লাখ টাকা প্রস্তুত রাখার জন্য হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন সুশীল। সুশীল কুমার ঋষি জানান, হামলাকারীদের তিনি চেনেন না। তাদের সবার মুখ ঢাকা ছিল। ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে রয়েছেন। পরিবারের কেউ স্বাভাবিকভাবে কাজকর্ম করতে পারছেন না। এদিকে হামলার ঘটনায় এলাকায়ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এ বিষয়ে পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় ঘোষ বলেন, ‘এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি মামলা হিসেবে রেকর্ডের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’