হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর হারানো ব্যাগ প্রায় এক ঘণ্টার চেষ্টায় উদ্ধার করে মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ব্যাগটি খুঁজে পেতে সহায়তা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশাদ খান।

এ ছাড়া একজন নেশাগ্রস্ত গণউপদ্রবকারীকে কারাদণ্ড দেওয়ার পাশাপাশি বিভিন্ন অপরাধে মোট ১৮ জনকে দণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

শনিবার (৭ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানান ম্যাজিস্ট্রেট নওশাদ খান।

প্রবাসী যাত্রীদেরও সহায়তা

ফেসবুক পোস্টে নওশাদ খান জানান, অনলাইনে চেকইন সম্পন্ন থাকার পরও এক প্রবাসী যাত্রীর বিমান প্রায় মিস হওয়ার উপক্রম হয়েছিল। বিমানবন্দর টিম, এয়ারলাইনস ও ইমিগ্রেশনের সহায়তায় তাঁকে বিমানে উঠতে সহযোগিতা করা হয়।

এ ছাড়া হয়রানির শিকার আরেক প্রবাসী যাত্রীর যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করা হয়েছে বলে জানান তিনি। অন্য এক যাত্রীর পকেট থেকে পড়ে যাওয়া স্বর্ণালংকার চুরির ঘটনায় সংশ্লিষ্ট যাত্রীকেও শনাক্ত করা হয়েছে বলে পোস্টে উল্লেখ করেন ম্যাজিস্ট্রেট।

বিভিন্ন অপরাধে ১৮ জনকে দণ্ড

নওশাদ খান জানান, বিমানবন্দরে একজন নেশাগ্রস্ত গণউপদ্রবকারীকে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই দিনে বিভিন্ন অপরাধে মোট ১৮ জনকে অপরাধ অনুযায়ী দণ্ড দেওয়া হয়।

তিনি বলেন, বিমানবন্দরে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট টিমের সদস্যরা প্রতিদিনই যাত্রীদের নানা সমস্যা সমাধানে কাজ করছেন। অনেক সময় সামান্য আন্তরিক প্রচেষ্টায় অন্যের বড় উপকার করা সম্ভব হয়।

মানুষের সমস্যা সমাধান করতে পারা এবং উপকারভোগীদের কৃতজ্ঞতা তাঁকে কাজের অনুপ্রেরণা দেয় বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।