ভূমি অফিসে দালাল নির্ভরতা, দুর্নীতি ও নাগরিক হয়রানি বন্ধে কেন্দ্রীয় অভিযোগ ব্যবস্থাপনা টিম গঠন করেছে ভূমি মন্ত্রণালয়। পাশাপাশি জেলা থেকে ইউনিয়ন পর্যায়ের ভূমি অফিসগুলোর স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ড্যাশবোর্ডভিত্তিক তদারকি ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু এসব তথ্য জানান। তিনি বলেন, ভূমিসেবার মান, অনিয়ম এবং নাগরিকদের অভিযোগ নিষ্পত্তির অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করছে কেন্দ্রীয় অভিযোগ ব্যবস্থাপনা টিম।
ভূমিমন্ত্রী জানান, ভূমি উন্নয়ন কর, নামজারি ও খতিয়ানসহ বিভিন্ন সেবা অনলাইনে দেওয়ার পাশাপাশি স্বয়ংক্রিয় ভূমিসেবা সম্প্রসারণের কার্যক্রম চলছে। মাঠপর্যায়ে দালাল নির্ভরতা ও নাগরিক হয়রানি বন্ধে গঠিত কেন্দ্রীয় টিম নাগরিকদের অভিযোগ গ্রহণ, পর্যালোচনা এবং সংশ্লিষ্ট দপ্তর বা কর্মকর্তার কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পাঠাচ্ছে। একই সঙ্গে অভিযোগ নিষ্পত্তির অগ্রগতিও তদারকি করা হচ্ছে।
তিনি আরও বলেন, অনিয়ম, দুর্নীতি, হয়রানি কিংবা সেবা পেতে অযৌক্তিক বিলম্বের অভিযোগ পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। নাগরিকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তি এবং ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের কারিগরি সহায়তা দিতে ‘ভূমিসেবায় অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা ও কারিগরি সহায়তা সিস্টেম’ চালু করা হয়েছে। এর মাধ্যমে অনলাইনে অভিযোগ দাখিল, অগ্রগতি পর্যবেক্ষণ এবং নিষ্পত্তির তথ্য জানা সম্ভব।
ভূমিসেবা সংক্রান্ত তথ্য, পরামর্শ ও অভিযোগ গ্রহণের জন্য সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা কল সেন্টার চালু রয়েছে। নাগরিকেরা ১৬১২২ নম্বরে ফোন করে এ সেবা নিতে পারছেন। প্রবাসী বাংলাদেশিদের জন্যও +৮৮০৯৬ ১২৩ ১৬১২২ নম্বরে বিশেষ হটলাইন চালু রয়েছে। এসব নম্বরে পাওয়া অভিযোগের রেকর্ড সংরক্ষণ করে যাচাই-বাছাইয়ের পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ভূমিমন্ত্রী জানান, সরাসরি বা হার্ড কপি আকারে পাওয়া অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে একটি স্বতন্ত্র শাখা খোলা হয়েছে। এ শাখার মাধ্যমে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে প্রকাশিত ভূমিসেবা সংক্রান্ত অভিযোগের বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মাঠপর্যায়ে দুর্নীতি প্রতিরোধ, নাগরিক হয়রানি বন্ধ এবং দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিত করতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ভূমিসেবার সঙ্গে সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা বা কর্মচারী একই কর্মস্থলে তিন বছর বা তার বেশি সময় কর্মরত থাকলে তাঁদের পর্যায়ক্রমে বদলি করা হচ্ছে বলেও জানান তিনি।
ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপের মাধ্যমে লোকেশন যাচাইয়ের পরীক্ষামূলক কার্যক্রম চলছে। একই সঙ্গে ড্যাশবোর্ডভিত্তিক তদারকি ব্যবস্থার মাধ্যমে জেলা থেকে ইউনিয়ন পর্যায়ের ভূমি অফিসগুলোর কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া নাগরিকদের ভূমি রাজস্ব ও দেওয়ানি মামলা সংক্রান্ত তথ্য পেতে হয়রানি বন্ধে ‘ভূমি রাজস্ব মামলা ব্যবস্থাপনা সিস্টেম’ চালু করা হয়েছে।
ভবিষ্যতে ডিজিটাল ভূমিসেবার কার্যকর বাস্তবায়ন, কেন্দ্রীয় নজরদারি জোরদার, অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা আরও কার্যকর এবং মাঠপর্যায়ে বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে দালাল নির্ভরতা ও নাগরিক হয়রানি কমাতে মন্ত্রণালয় কাজ করছে বলে জানান ভূমিমন্ত্রী।
অনলাইন সেবার তথ্য আরও সংক্ষিপ্ত করুনএকই তথ্যের পুনরাবৃত্তি কমিয়ে দিন








