শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ফিরে পাওয়ার আবেদন ঘিরে পাসপোর্ট অধিদপ্তর ও নির্বাচন কমিশনে আলোচনা চলছে। তবে তিনি এসব নথি ফিরে পাবেন কি না, তা অনেকটাই নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের ওপর। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে আইনি জটিলতা থাকলেও জাতীয় পরিচয়পত্রের নম্বরের স্থগিতাদেশ তুলে নিলে সেটি আবার সক্রিয় করা সম্ভব।

গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময়ে শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল এবং জাতীয় পরিচয়পত্রের নম্বর স্থগিত করা হয়। সম্প্রতি লন্ডনের আইনি প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ দিল্লির বাংলাদেশ দূতাবাসে পাঠানো এক চিঠিতে দাবি করেছে, বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকার দলিল অনুযায়ী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার অধিকার রয়েছে।

তবে পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা এ বিষয়ে ১৯৭৩ সালের পাসপোর্ট আদেশের ৬ নম্বর অনুচ্ছেদের (ঙ) উপ-অনুচ্ছেদের কথা উল্লেখ করেছেন। ওই বিধান অনুযায়ী, কোনো আবেদনকারী বাংলাদেশের ফৌজদারি আদালতে বিচারাধীন মামলায় হাজিরা এড়ালে বা এড়ানোর চেষ্টা করলে কিংবা আদালতের নিষেধাজ্ঞা থাকলে কর্তৃপক্ষ তাঁর পাসপোর্ট বা ভ্রমণ দলিলের আবেদন প্রত্যাখ্যান করতে পারে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রী থাকাকালে শেখ হাসিনা কূটনৈতিক মর্যাদার বিশেষ লাল পাসপোর্ট ব্যবহার করতেন। পরে সেটি বাতিল করা হয়। বর্তমানে তাঁর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় রয়েছে। এ ছাড়া আরও কয়েকটি মামলা বিচারাধীন। এসব বিষয় নতুন পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে আইনি জটিলতা তৈরি করতে পারে।

শেখ হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে পাসপোর্ট অধিদপ্তরের প্রধান কার্যালয়ে আলোচনা হয়েছে। তবে বিষয়টি রাজনৈতিকভাবে স্পর্শকাতর হওয়ায় দায়িত্বশীল কর্মকর্তাদের কেউ প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হননি। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তার মতে, শেখ হাসিনার পাসপোর্ট বা অন্য কোনো ভ্রমণ দলিল পাওয়ার বিষয়টি মূলত সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। আইনি ব্যাখ্যা-বিশ্লেষণ থাকলেও এ ক্ষেত্রে সরকারের সিদ্ধান্তই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

এ প্রসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার উদাহরণ টেনেছেন এক কর্মকর্তা। তিনি বলেন, গুরুতর অসুস্থ অবস্থায় খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার উদ্দেশ্যে একাধিকবার পাসপোর্টের আবেদন করা হলেও তৎকালীন আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে সাড়া মেলেনি। একপর্যায়ে ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেলেও পরে তা বাতিল করা হয়। ফলে শেষ পর্যন্ত তিনি পাসপোর্ট পাননি।

এ ছাড়া আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের বহু নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়। এসব মামলায় অনেকে বিভিন্ন মেয়াদে সাজাও পান। দণ্ডপ্রাপ্ত এসব নেতাকর্মীর অনেকে চিকিৎসা কিংবা হজ পালনের জন্য বিদেশ যেতে পাসপোর্টের আবেদন করেও ব্যর্থ হন। তবে দীর্ঘ প্রচেষ্টার পর হাতেগোনা কয়েকজন উচ্চ আদালতের আদেশে পাসপোর্ট পেয়েছিলেন।

পাসপোর্ট অধিদপ্তরের কয়েকজন উচ্চপর্যায়ের কর্মকর্তা জানান, শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-এমপিদের পাসপোর্ট বাতিল করা হলেও তাঁদের কেউ কেউ আগের পাসপোর্ট ব্যবহার করে বিভিন্ন দেশে যাতায়াত করছেন। তাঁদের দাবি, বাংলাদেশের বাইরে অন্য দেশের অভিবাসন কর্তৃপক্ষের পক্ষে সাধারণত বাংলাদেশে পাসপোর্ট বাতিলের তথ্য জানার সুযোগ থাকে না। তবে বাতিল পাসপোর্ট নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাঁরা বাধার মুখে পড়তে পারেন।

শেখ হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, তিনি সত্যিই দেশে ফিরতে চাইলে নির্দিষ্ট আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ওই চুক্তির আওতায় ভারত সরকারের কাছে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ জানানো যেতে পারে। দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করে সাজা ভোগ করার কথাও বলেন তিনি।

অন্যদিকে, শেখ হাসিনার জাতীয় পরিচয়পত্র ফিরে পাওয়ার আবেদন নিয়ে নির্বাচন কমিশন বা জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের কোনো কর্মকর্তা প্রকাশ্যে বক্তব্য দেননি। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, বিষয়টি নিয়ে কমিশনে আলোচনা হয়েছে। সরকার যে সিদ্ধান্ত দেবে, কমিশন সে অনুযায়ী ব্যবস্থা নেবে।

নির্বাচন কমিশনসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, শেখ হাসিনার জাতীয় পরিচয়পত্র বাতিল করা হয়নি; শুধু নম্বরটি স্থগিত বা ‘লক’ করা হয়েছে। অর্থাৎ পরিচয়পত্রটি বর্তমানে নিষ্ক্রিয় রয়েছে। স্থগিতাদেশ তুলে নেওয়ার নির্দেশ দিয়ে নম্বরটি আনলক করা হলেই পরিচয়পত্রটি আবার সক্রিয় করা সম্ভব।

জাতীয় পরিচয়পত্র আইন, ২০১০-এর ১০ ধারায় বলা হয়েছে, কোনো নাগরিকের নাগরিকত্বের অবসান হলে তাঁর জাতীয় পরিচয়পত্র বাতিল বলে গণ্য হবে। তবে ওই পরিচয়পত্রে থাকা পরিচিতি নম্বর অন্য কোনো নাগরিকের পরিচয়পত্রে ব্যবহার করা যাবে না।

শেখ হাসিনার পাসপোর্ট বিষয়ে পুনরুক্তি কমাওআইনি তথ্যগুলো আরও সহজভাবে লেখো