ঠিকাদারের কাছ থেকে উপহার গ্রহণ নিয়ে দেওয়া বিতর্কিত বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

একই সঙ্গে তাঁর বক্তব্যকে ঘুষের বৈধতা দেওয়ার সঙ্গে তুলনা করাকে ‘রাজনৈতিক অপপ্রচার’ বলে দাবি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার স্বাক্ষরিত এক ব্যাখ্যায় বলা হয়, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিমন্ত্রীর বক্তব্যকে উপহারের মোড়কে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা হিসেবে উল্লেখ করেছে। মন্ত্রণালয়ের দাবি, এ ধরনের বক্তব্য অসত্য ও বিভ্রান্তিকর।

ব্যাখ্যায় জানানো হয়, প্রতিমন্ত্রী তাঁর আনুষ্ঠানিক বক্তব্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের সরকারি উন্নয়নকাজের মান বজায় রেখে দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন। ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে থেকে কাজের মান নিশ্চিত করে ঠিকাদারদের বিল পরিশোধের তাগিদও দিয়েছেন তিনি। পাশাপাশি সরকারি ব্যয় ও কেনাকাটার ক্ষেত্রে সরকারি ক্রয়বিধি (পিপিআর) ও সরকারি ক্রয় আইন (পিপিএ) কঠোরভাবে অনুসরণের নির্দেশনা দিয়েছেন।

মন্ত্রণালয়ের দাবি, প্রতিমন্ত্রীর মূল বক্তব্য আড়াল করে নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের সঙ্গে তাঁর অনানুষ্ঠানিক আলাপের কিছু অংশ বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এর মাধ্যমে বক্তব্যকে বিতর্কিত করার অপচেষ্টা চালানো হয়েছে। তাঁর বক্তব্যকে ঘুষ লেনদেনের বৈধতা দেওয়ার সঙ্গে তুলনা করা অনভিপ্রেত এবং সরকারের দুর্নীতিবিরোধী অবস্থানের বিরুদ্ধে রাজনৈতিক অপপ্রচার।

ব্যাখ্যায় আরও বলা হয়, সরকার স্বচ্ছতা, জবাবদিহি ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। দায়িত্বশীল পদে থেকে কোনো বৈধ প্রক্রিয়ার বাইরে অবৈধ সুবিধা গ্রহণের সুযোগ নেই।

এদিকে এলজিইডি ভবনে পৌরসভার প্রশাসক, প্রধান নির্বাহী ও প্রকৌশলীদের নিয়ে আয়োজিত এক কর্মশালায় গণমাধ্যমের সামনে আগের দিনের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চান প্রতিমন্ত্রী। একই সঙ্গে তিনি তাঁর অনানুষ্ঠানিক বক্তব্যগুলো প্রত্যাহার করেন। এসব বক্তব্যের সঙ্গে সরকারের কোনো কর্মকর্তার সংশ্লিষ্টতা নেই বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে এলজিইডি ভবনে নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘ঠিকাদার তার লভ্যাংশ থেকে যদি খুশি হয়ে একটা উপহার ইঞ্জিনিয়ারকে দেয়, এটা তো ঘুসের মধ্যে পড়বে না। এটা আপনি নিতেই পারেন।’

তাঁর এ বক্তব্য নিয়ে সমালোচনা তৈরি হলে প্রতিবাদ জানায় টিআইবি।

প্রতিমন্ত্রীর বক্তব্য নিয়ে বিভ্রান্তি না ছড়িয়ে দুর্নীতি বন্ধে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। পাশাপাশি সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করা হয়েছে।