সংসদে মন্ত্রীর বক্তব্য চলাকালে হট্টগোল করায় সংসদ সদস্যদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এ সময় প্রশ্নের জবাব মনোযোগ দিয়ে শোনার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘এইভাবে হইচই করে নিজেদের পাঠশালার ছাত্রছাত্রী বানাবো কেন? প্লিজ ধৈর্যের সঙ্গে বসেন, উনার উত্তর শোনেন।’

সারের ডিলার নিয়োগ নিয়ে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের বক্তব্যের সময় সংসদে হইচই শুরু হলে এ আহ্বান জানান ডেপুটি স্পিকার।

অধিবেশনে সংসদ সদস্য মো. নুরুল আমীনের লিখিত প্রশ্নের পর সম্পূরক প্রশ্ন করেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। সারের ডিলার নিয়োগে সংসদ সদস্যদের স্বজনদের ডিলারশিপ দেওয়া এবং নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে কৃষিমন্ত্রীর কাছে এ বিষয়ে ব্যাখ্যা চান তিনি।

জবাবে কৃষিমন্ত্রী জানান, সার ডিলার নিয়োগের জন্য উপজেলা ও জেলা পর্যায়ে দুটি কমিটি গঠন করা হয়েছে। উপজেলা পর্যায়ের কমিটির নেতৃত্বে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা পর্যায়ের কমিটির নেতৃত্বে জেলা প্রশাসক। এসব কমিটি আবেদন যাচাই-বাছাই করে। পরে জেলা পর্যায়ের কমিটি তিনজনের নাম ক্রমানুসারে মন্ত্রণালয়ে পাঠায়। মন্ত্রণালয় তালিকার প্রথম ব্যক্তিকে ডিলার হিসেবে ঘোষণা করে।

মন্ত্রীর বক্তব্যের একপর্যায়ে ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা হইচই শুরু করেন। এ সময় কৃষিমন্ত্রী বলেন, তিনি নতুন মন্ত্রী। বক্তব্য দেওয়ার সময় সাইড টক হলে তাঁর অসুবিধা হয়। তাঁর জবাব অপছন্দ হলে পরে আরেকটি প্রশ্ন করার সুযোগ রয়েছে বলেও জানান তিনি।

হট্টগোল বাড়তে থাকলে ডেপুটি স্পিকার বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলামের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, সংসদ সদস্যদের যেমন কথা বলার অধিকার রয়েছে, তেমনি মন্ত্রীরও জবাব দেওয়ার অধিকার রয়েছে। এ সময় বিরোধী দলের সদস্যদের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তিনি।

ডেপুটি স্পিকার বলেন, ‘মাননীয় সদস্য, মন্ত্রী সাহেব একটু থামেন। মাননীয় সদস্য, আপনারা সবাই বসেন। সবাই বসেন প্লিজ। মাননীয় সদস্য প্রশ্ন করেছেন, মাননীয় মন্ত্রী উত্তর দিচ্ছেন। উনার উত্তরে সন্তুষ্ট না হলে আমরা আরও একটা প্রশ্ন নেবো। কিন্তু এইভাবে হইচই করে নিজেদের পাঠশালার ছাত্রছাত্রী বানাবো কেন? প্লিজ ধৈর্যের সঙ্গে বসেন, উনার উত্তর শোনেন।’

পরে সংসদ সদস্যরা শান্ত হলে কৃষিমন্ত্রী তাঁর বক্তব্য অব্যাহত রাখেন। তিনি জানান, জেলা পর্যায়ের কমিটির সব সদস্যের স্বাক্ষরসহ ডিলার নিয়োগের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

আমার শিরোনামটি আরও নির্দিষ্ট করুনআমার প্রতিবেদনটি সংক্ষিপ্ত করুন