নানামুখী অর্থনৈতিক চাপ থাকা সত্ত্বেও শিশুদের শিক্ষা, কল্যাণ ও সুরক্ষায় বাজেট বরাদ্দ আরও বাড়াতে এশিয়ার দেশগুলোর সরকারগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিন।

থাইল্যান্ডের ব্যাংককে সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল আয়োজিত এক আঞ্চলিক সংলাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে তিনি এ আহ্বান জানান।

‘ফ্রম ভিশনিং টু কমিটমেন্ট: অ্যাডভান্সিং চাইল্ড রেসপনসিভ বাজেটিং ইন এশিয়া’ শীর্ষক অনুষ্ঠানে ‘দ্য ইনভেস্টমেন্ট চয়েস: কিপিং চিলড্রেন অ্যাট দ্য সেন্টার অব এশিয়াস ফিউচার’ শীর্ষক প্যানেল আলোচনায় বক্তব্য দেন মাহ্‌দী আমিন। তিনি শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করছেন।

বক্তব্যে মাহ্‌দী আমিন বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকারের কাছে মানসম্মত ও সবার জন্য উপযোগী শিক্ষা খাতে বিনিয়োগ সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে। শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষায় ব্যয় করা অর্থ কোনো সাধারণ খরচ নয়; বরং এটি জাতির দীর্ঘমেয়াদি সমৃদ্ধি এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ।

তিনি বলেন, অর্থনৈতিক সীমাবদ্ধতার অজুহাতে ভবিষ্যৎ প্রজন্মের বিকাশের পথ কোনোভাবেই সংকুচিত করা উচিত নয়।

মাহ্‌দী আমিন আরও বলেন, এশিয়ার ভবিষ্যৎ গড়তে শিশুদের উন্নয়ন পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রাখতে হবে। বৈষম্যহীন ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলতে আজকের শিশুদের মেধার সঠিক বিকাশ নিশ্চিত করা জরুরি। এ জন্য সাময়িক হিসাব-নিকাশের ঊর্ধ্বে উঠে শিশুদের শিক্ষা, কল্যাণ ও সুরক্ষায় পর্যাপ্ত বাজেট বরাদ্দ নিশ্চিত করা সবার সম্মিলিত দায়িত্ব।