জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মাগরিবের নামাজের আগে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, মাগরিবের নামাজের আগে বিরোধীদলীয় নেতাকে চা চক্রে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। তাঁর আমন্ত্রণে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে বৈঠকে বসেন দুই নেতা। একান্ত এ বৈঠকে তাঁরা ছাড়া অন্য কেউ উপস্থিত ছিলেন না।
বৈঠকে দেশের বর্তমান সহিংস পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক মতপার্থক্য ভুলে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা। এ সময় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন অমীমাংসিত বিষয় প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন এবং সেগুলোর প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।
তবে বৈঠকে আলোচিত বিষয়গুলো নিয়ে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত বা পরবর্তী উদ্যোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার এই একান্ত বৈঠককে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।









