পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. নাইমুজ্জামান ভূইয়া ওরফে মুক্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আলোচিত আলামিন হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৭টার দিকে পঞ্চগড় সদর থানার কাজীপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নাইমুজ্জামান ভূইয়ার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সময় পঞ্চগড়ের ইজিবাইকচালক আল আমিনকে গুম ও হত্যার অভিযোগে করা মামলা রয়েছে। এ ছাড়া বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে মোট ১২টি মামলা রয়েছে।
গ্রেপ্তার হওয়া নাইমুজ্জামান ভূইয়া ওরফে মুক্তা পঞ্চগড়ের কাজীপাড়া এলাকার বাসিন্দা। তিনি ধাক্কামারা ইউনিয়ন পরিষদ এলাকার প্রয়াত আব্দুল খালেক ভূইয়ার ছেলে।
তিনি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে দলটির কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।
মামলাগুলোর বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।








