সিস্টেম আধুনিকায়ন ও প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণের কারণে দেশের ১৯টি ব্যাংকের কার্ড, এটিএমসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর সেবা প্রায় ছয় দিন সাময়িকভাবে বন্ধ থাকবে। এতে এসব ব্যাংকের গ্রাহকদের টাকা উত্তোলন, কার্ডে কেনাকাটা এবং কিছু অনলাইন লেনদেনে ভোগান্তিতে পড়তে হতে পারে।
ব্যাংকগুলোর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশন কার্যক্রমের কারণে ৪ অক্টোবর রাত ৯টা থেকে ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত নির্দিষ্ট কিছু সেবা বন্ধ থাকবে।
যেসব সেবা বন্ধ থাকবে
নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর এটিএম থেকে টাকা উত্তোলন করা যাবে না। পাশাপাশি পিওএস মেশিনে কার্ড দিয়ে কেনাকাটা, কিউআর কোডের মাধ্যমে লেনদেন এবং এনপিএসবি ও ই-কমার্সভিত্তিক কিছু লেনদেনও সাময়িকভাবে বন্ধ থাকবে।
ব্যাংকগুলোর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিউ-ক্যাশ নেটওয়ার্ক-সংশ্লিষ্ট সেবাগুলোতেই মূলত এ বিঘ্ন ঘটবে। ফলে এটিএম ও কার্ডের পাশাপাশি পিওএস, কিউআর, এনপিএসবি এবং ই-কমার্সভিত্তিক কিছু লেনদেনও প্রভাবিত হবে।
যেসব ১৯ ব্যাংকের সেবা বন্ধ থাকবে
সাময়িকভাবে সেবা বিঘ্নিত হতে পারে এমন ১৯টি ব্যাংক হলো—
১. ব্যাংক এশিয়া
২. বাংলাদেশ কৃষি ব্যাংক
৩. জনতা ব্যাংক
৪. বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক
৫. কমিউনিটি ব্যাংক
৬. যমুনা ব্যাংক
৭. মিডল্যান্ড ব্যাংক
৮. মেঘনা ব্যাংক
৯. মার্কেন্টাইল ব্যাংক
১০. মধুমতি ব্যাংক
১১. ন্যাশনাল ব্যাংক
১২. এনআরবিসি ব্যাংক
১৩. এনসিসি ব্যাংক
১৪. রূপালী ব্যাংক
১৫. শাহজালাল ইসলামী ব্যাংক
১৬. সীমান্ত ব্যাংক
১৭. সোশ্যাল ইসলামী ব্যাংক
১৮. ট্রাস্ট ব্যাংক
১৯. উত্তরা ব্যাংক
শাখার সেবা কি বন্ধ থাকবে?
ব্যাংকের শাখায় গিয়ে নেওয়া অন্যান্য ব্যাংকিং সেবা এই সময়ে বন্ধ থাকবে কি না, তা সংশ্লিষ্ট ব্যাংকের পৃথক নির্দেশনার ওপর নির্ভর করবে। তাই জরুরি ব্যাংকিং সেবা নেওয়ার আগে নিজ নিজ ব্যাংকের সর্বশেষ নির্দেশনা জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আগেই লেনদেন শেষ করার পরামর্শ
ব্যাংকগুলো জানিয়েছে, সিস্টেম মাইগ্রেশন ও রক্ষণাবেক্ষণের কাজ শেষ হওয়ার পর পর্যায়ক্রমে সংশ্লিষ্ট সেবাগুলো স্বাভাবিক হবে।
সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে ব্যাংকগুলো প্রয়োজনীয় লেনদেন সম্ভব হলে নির্ধারিত সময়ের আগেই সম্পন্ন করার পরামর্শ দিয়েছে।










