কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’ মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তাঁর দাবি, দেশের ছাত্ররাজনীতির বর্তমান বাস্তবতা সম্পর্কে সালমান মুক্তাদিরের পূর্ণাঙ্গ ধারণা নাও থাকতে পারে। মঙ্গলবার (৬ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

নাছির উদ্দীন নাছির বলেন, তরুণ প্রজন্মের একটি অংশের মধ্যে রাজনীতিবিমুখতার প্রভাব থেকেই হয়তো সালমান মুক্তাদিরের এমন ধারণা তৈরি হয়েছে। তবে তাঁর দাবি, বর্তমানে দেশের দুই হাজারেরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং এসব প্রতিষ্ঠানে সংগঠনটির নেতাকর্মীদের সিংহভাগই নিয়মিত শিক্ষার্থী।

ছাত্রদলের সাধারণ সম্পাদক আরও বলেন, বিগত ১৭ বছরের আন্দোলনে সংগঠনটির নিয়মিত শিক্ষার্থীরা ভূমিকা রেখেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, অনেক নেতাকর্মী ক্লাস ও পরীক্ষার হল থেকে গ্রেপ্তার হয়ে কারাগারে গেলেও সেখান থেকে পরীক্ষায় অংশ নিয়েছেন। শিক্ষা ও রাজনৈতিক অধিকার ধরে রাখার ক্ষেত্রে তাদের ত্যাগের কথাও তুলে ধরেন তিনি।

citytouch 728-X-90

সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানে ওয়াসিম আকরামসহ ছাত্রদলের অনেক নিয়মিত শিক্ষার্থী শহীদ হয়েছেন বলেও দাবি করেন নাছির। তাঁর মতে, এসব ঘটনা দেশের গণতান্ত্রিক আন্দোলনে নিয়মিত শিক্ষার্থীদের অংশগ্রহণের বিষয়টি তুলে ধরে।

সালমান মুক্তাদিরকে উদ্দেশ করে নাছির বলেন, তিনি চাইলে বাংলাদেশের যেকোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে গিয়ে ছাত্রদলের নিয়মিত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে পারেন। ‘বাস্তবতা নিজ চোখে দেখার’ আহ্বান জানিয়ে নাছির আশা প্রকাশ করেন, এতে সালমান মুক্তাদিরের ভুল ধারণার অবসান হবে এবং তিনি বুঝতে পারবেন যে ছাত্রদলে নিয়মিত শিক্ষার্থীদের সংখ্যাই বেশি।