ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন বলেছেন, এলাকায় উন্নয়নের জন্য সাড়ে তিন হাজার কোটি টাকা বরাদ্দ রয়েছে। তবে উন্নয়নের পাশাপাশি সমাজ থেকে মাদক ও জুয়া নির্মূল করাকে অগ্রাধিকার দিতে হবে বলে মন্তব্য করেন তিনি।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের মটরাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নির্বাচনী গণসংযোগ ও পথসভায় বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন তিনি।
মির্জা ফয়সল আমীন বলেন, ‘উন্নয়ন তো হবেই, সাড়ে তিন হাজার কোটি টাকার বরাদ্দ আছে। উন্নয়ন না হয়ে যাবে কোথায়? তবে সবার আগে আমাদের সমাজ থেকে মাদক ও জুয়া নির্মূল করতে হবে। আপনারা আমার হাতকে শক্ত করেন, ২৯ তারিখের পর এই এলাকায় আর কোনো মাদক থাকবে না।’
মাদক ও জুয়ার সামাজিক ক্ষতির কথা তুলে ধরে তিনি বলেন, মাদকের কারণে অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। সন্তান মাদকাসক্ত হওয়ায় অসহায় পরিস্থিতিতে পড়ছেন অনেক মা-বাবা। এর পাশাপাশি সমাজে জুয়া ও ক্যাসিনোর বিস্তারও উদ্বেগজনক। এসব অপরাধ বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
মাদক নির্মূলে জনসচেতনতার পাশাপাশি রাজনৈতিক নেতৃত্বের সদিচ্ছা প্রয়োজন উল্লেখ করে বিএনপির এই প্রার্থী বলেন, ‘সামাজিক আন্দোলনের পাশাপাশি নেতার সদিচ্ছাও জরুরি। নেতা যদি চান মাদক থাকবে না, তবে এলাকায় মাদক থাকতে পারে না।’
মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের সতর্ক করে তিনি বলেন, ‘মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের জন্য এটি আমার অনুরোধ নয়, ফাইনাল ওয়ার্নিং এবং নোটিশ—এই পথ ছেড়ে দিন। মহান আল্লাহর দেওয়া এই পৃথিবীতে বহু হালাল ব্যবসা রয়েছে, সেগুলো করুন।’
মাদকসেবীদের এ পথ থেকে ফিরে আসার আহ্বান জানিয়ে মির্জা ফয়সল আমীন বলেন, পরিবারের সদস্যদের কথা চিন্তা করে এবং নিজেদের ভবিষ্যতের কথা বিবেচনায় নিয়ে মাদক সেবন থেকে বিরত থাকতে হবে। একই সঙ্গে সবাইকে নিজ নিজ ধর্মের অনুশাসন মেনে চলা এবং পরিবারের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
পথসভায় স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।









