ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জয়ী না হলে সংশ্লিষ্ট ইউনিয়নে সরকারের পক্ষ থেকে কোনো উন্নয়নকাজ করা হবে না—জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মনির এমন বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (১৭ অক্টোবর) দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এ নিন্দা জানান।
বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, গত ১৫ অক্টোবর বামনা আসমাতুন্নেছা বালিকা বিদ্যালয় মাঠে বিএনপির এক দলীয় কর্মীসভায় চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, দলীয় মনোনীত প্রার্থী নির্বাচনে জয়ী না হলে সংশ্লিষ্ট ইউনিয়নে কোনো উন্নয়নকাজ করা হবে না।
জামায়াতের এই নেতা বলেন, চিফ হুইপের এমন বক্তব্য দায়িত্বজ্ঞানহীন এবং জাতীয় সংসদের সদস্য হিসেবে নেওয়া শপথের সঙ্গে সাংঘর্ষিক। তিনি এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে আরও বলা হয়, চিফ হুইপ তার বক্তব্যে দলীয় প্রার্থী জয়ী না হলে সংশ্লিষ্ট ইউনিয়নের মানুষকে উন্নয়নকাজ থেকে বঞ্চিত রাখার কথা বলেছেন। অন্য প্রার্থী জয়ী হলে তার কাছে গিয়ে কোনো কাজ পাওয়া যাবে না বলেও মন্তব্য করেছেন তিনি।
এহসানুল মাহবুব জুবায়েরের মতে, এ ধরনের বক্তব্য স্থানীয় সরকার ব্যবস্থায় হস্তক্ষেপের হুমকি, নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন এবং জনগণের স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে ভীতি সৃষ্টির চেষ্টা।
তিনি আরও অভিযোগ করেন, বর্তমান সরকারের সংসদ সদস্য ও মন্ত্রীদের অনেকে অতীতের ফ্যাসিবাদী শাসকগোষ্ঠীর মতো বক্তব্য দিচ্ছেন, যা দেশের গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করছে। নাগরিকদের মৌলিক অধিকার ক্ষুণ্ন করার মাধ্যমে তারা নিজেরাই নব্য ফ্যাসিবাদের পরিচয় দিচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াতের এই নেতা বলেন, ২০২৪ সালের জুলাই বিপ্লব-পরবর্তী বাংলাদেশে এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের বক্তব্য ও কর্মকাণ্ড থেকে বিরত থেকে জনগণের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখার আহ্বান জানান।









