ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হতে আগ্রহ দেখিয়েছেন বিএনপির ৭০ জন নারী নেত্রী। মনোনয়নপ্রত্যাশীদের তালিকায় রয়েছেন সাবেক সংসদ সদস্য, দলের কেন্দ্রীয় নেত্রী এবং জেলা ও মহানগর পর্যায়ের বিভিন্ন সংগঠনের দায়িত্বশীল নেত্রীরা।
গত শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তারা। দলীয় সময়সূচি অনুযায়ী, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফরম বিতরণ করা হয়। ফরম পূরণ করে শনিবার একই কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে তা জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়।
মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন বিএনপির সহমানবাধিকারবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শাহানা আক্তার সানু ও আয়শা সিদ্দিকা মনি।
এ ছাড়া মহিলা দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাহিনুর নার্গিস, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শাহিনুর বেগম এবং মহিলা দলের কেন্দ্রীয় মানব উন্নয়নবিষয়ক সম্পাদক খন্দকার ফারহানা আতিকা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
তালিকায় আরও রয়েছেন বরিশাল মহানগর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম, চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাসুদা আফরোজ হক, ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সভাপতি রুনা লায়লা এবং দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসনাহেনা হীরা।
প্রবীণ নারী নেত্রী জেলী চৌধুরীও মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি চট্টগ্রাম-৯ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে আলোচনায় ছিলেন। এ ছাড়া দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেরা আলাউদ্দিন হেনা ও সিমকী ইমাম খান মনোনয়ন ফরম নিয়েছেন।
মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম মহানগর মহিলা দলের সাবেক প্রচার সম্পাদক দেওয়ান মাহমুদা আক্তার, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী হিসেবে আলোচনায় থাকা সৈয়দা আদিবা হোসেন এবং ইডেন মহিলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক রেহানা আক্তার শিরিন। কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেত্রী রওনক জাহান শাহীনও ফরম সংগ্রহ করে শনিবার জমা দিয়েছেন।
এর আগে এসব নেত্রীর অনেকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চেয়েও পাননি। কেউ কেউ সরাসরি জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার চেষ্টা করেছিলেন। মিষ্টির পদত্যাগের পর শূন্য হওয়া আসনে মনোনয়ন পাওয়ার নতুন সুযোগ তৈরি হয়েছে তাদের সামনে। ছাত্রদল, মহিলা দল ও স্বেচ্ছাসেবক দলের রাজনীতি থেকে উঠে আসা নেত্রীরা এবার দলীয় মনোনয়নের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর মিরপুরে রাড্ডা মাতৃ ও শিশুস্বাস্থ্য সেবাকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে। এর পরিপ্রেক্ষিতে ১ অক্টোবর তিনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন। একই দিন সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, শূন্য আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ নভেম্বর। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৬ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই হবে ২৭ অক্টোবর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১ নভেম্বর।
আসনটি বিএনপির জন্য বরাদ্দ থাকায় দলটির মনোনীত প্রার্থীই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। একক প্রার্থী থাকলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ পাবেন। ফলে ৭০ জন মনোনয়নপ্রত্যাশীর মধ্যে শেষ পর্যন্ত কে দলীয় মনোনয়ন পান, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।









