শিশুদের ওপর নির্যাতনের বিচার না পাওয়ার ক্ষোভ, ধর্মের নামে নৈতিকতার বুলি আওড়ানো ব্যক্তিদের মুখোশ উন্মোচন এবং অসংখ্য বাবা-মায়ের দোয়া জড়িয়ে আছে একটি চড়ের সঙ্গে। এই চড়কে কোটি কোটি মানুষের প্রতিবাদের ভাষা হিসেবে উল্লেখ করেছেন অল্টারনেটিভসের সংগঠক তাজনূভা জাবীন।
শনিবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
পোস্টে তাজনূভা জাবীন লেখেন, এই চড়ের সঙ্গে অসংখ্য মানুষের ক্ষোভ, শিশুদের ওপর নির্যাতনের বিচার না পাওয়ার দীর্ঘদিনের চাপা রাগ এবং ধর্মের নামে নৈতিকতার কথা বলা ভণ্ডদের মুখোশ উন্মোচনের তৃপ্তি জড়িয়ে রয়েছে। পাশাপাশি অসংখ্য বাবা-মায়ের দোয়াও এর সঙ্গে যুক্ত।
তিনি আরও লেখেন, এই চড় একটি প্রতীক। এটি কোটি কোটি মানুষের প্রতিবাদের ভাষা। তাঁর মতে, এই মানুষের মধ্যে সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ রয়েছেন।
সরকার কোনো বিশেষ গোষ্ঠীকে খুশি করতে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করলে তা অনেক মানুষের আবেগের বিরুদ্ধে যেতে পারে বলেও মন্তব্য করেন তাজনূভা জাবীন। তাঁর ভাষায়, এমন সিদ্ধান্ত হিতে বিপরীত হওয়ার আশঙ্কা রয়েছে।
ধর্মের নামে রাজনীতি করলেও মাদ্রাসায় নির্যাতন ও অন্যায়ের বিরুদ্ধে কথা না বলা এবং জোরালো প্রতিরোধ গড়ে না তোলা ব্যক্তিদেরও সমালোচনা করেন তিনি।
পোস্টে তাজনূভা জাবীন লেখেন, যারা ধর্মের নামে রাজনীতি করেন, অথচ মাদ্রাসায় নির্যাতন ও অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন না কিংবা কার্যকর প্রতিরোধ গড়ে তোলেন না, তাদেরও একসময় জনগণের অসন্তোষের মুখে পড়তে হতে পারে।
পোস্টের শেষাংশে তিনি বলেন, এই চড়ের তাৎপর্য অনুধাবন করাকে পপুলিস্ট রাজনীতি হিসেবে দেখার সুযোগ নেই। বরং এর অর্থ হলো জনগণের মনোভাব ও আবেগ বুঝতে পারা, যা রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ।









