

নিজস্ব প্রতিবেদক:আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের ইতিহাস থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম মুছে ফেলার সাধ্য কারও নেই। যতদিন চন্দ্র-সূর্য উদয় হবে, যতদিন পাখির কলকাকলি থাকবে ততদিন অমর হয়ে রবেন বঙ্গবন্ধু।
বৃহস্পতিবার (১৭ মার্চ) জাতির জনকের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ইতিহাস থেকে মুছে ফেলার কোনো ষড়যন্ত্র সফল হবে না। ইতিহাসের মহাফলক যার নাম অবিরাম লিখে যায়, তার নাম মুছে ফেলার সাধ্য কারও নেই। বাংলার হাজার বছরের মহাবীর জন্মদিনে তোমাকে অভিবাদন ও স্যালুট।
এর আগে ওবায়দুল কাদেরের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের নেতারা।
শ্রদ্ধা জানানোর সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, শাজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসেকা আয়েশা খান, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ প্রমুখ।


