

নারায়ণগঞ্জে বাম জোটের হরতালে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
সোমবার সকালে জোটের নেতা-কর্মীরা নারায়ণগঞ্জ শহরের দুই নম্বর রেলগেইট এলাকা থেকে মিছিল নিয়ে চাষাঢ়া গোল চত্বরের সামনে আসে। এ সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষ বেধে যায়। পরে পুলিশ লাঠিচার্জ শুরু করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।
পরে নেতাকর্মীরা আবারও ২ নম্বর রেলগেট এলাকায় আসেন। সেখানেও পুলিশ তাদের বাধা দিলে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়।
বাম গণতান্ত্রিক জোট নারায়ণগঞ্জে জেলার সমন্বয়ক নিখিল দাস বলেন, পুলিশ পরিকল্পিতভাবে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালায়। এতে নারী কর্মীসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
এদিকে লাঠিচার্জের অভিযোগ অস্বীকার করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মো. শাহ্ জামান বলেন, আমরা কোন লাঠিচার্জ করিনি। তাদের কর্মসূচিতে বাধাও দেয়া হয়নি। বরং তারাই পুলিশের সঙ্গে মারমুখি আচরণ করেছে।


