গ্রাহকদের ডিজিটাল আর্থিক লেনদেনকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করতে নতুন অ্যাপ চালু করেছে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ। গ্রাহকবান্ধব ইন্টারফেস এবং সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি নতুন এই অ্যাপ মানুষের দৈনন্দিন আর্থিক চাহিদাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

দৃষ্টিনন্দন এই নতুন অ্যাপটি দেশের আর্থিক খাতের অন্যতম নিরাপদ অ্যাপ হিসেবে তৈরি করা হয়েছে, যা ধাপে ধাপে আরও উন্নত ও গ্রাহকবান্ধব করার প্রক্রিয়া চলমান থাকবে। সেই প্রক্রিয়ায় ভবিষ্যতে এতে আরও অনেক নতুন ফিচার যুক্ত হবে।

নতুন নগদ অ্যাপটি এখন গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে উন্মুক্ত রয়েছে। নতুন লেনদেন করার আগে গ্রাহকদের অ্যাপটি আপডেট করে নিতে হবে যা তাদের নিরবচ্ছিন্ন ডিজিটাল লেনদেনের নিশ্চয়তা দেবে।

citytouch 728-X-90

অ্যাপের মাধ্যমে নগদের লেনদেন অভিজ্ঞতা আরও সহজ এবং স্বাচ্ছন্দ্যময় হয়েছে। এই নতুন অ্যাপটির রেসপন্স, লোড ও ল্যাগ টাইম অন্যান্য আর্থিক সেবার অ্যাপের তুলনায় বেশ কম। ব্যবহারকারীদের সুবিধার্থে বহুল ব্যবহৃত ফিচারগুলো গ্রাহক সুবিধার ভিত্তিতে সুবিন্যস্ত করা হয়েছে। ব্যবহার সহজ ও কোনো রকম জটিলতা মুক্ত ডিজাইনের কারণে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষও সহজে অ্যাপটি ব্যবহার করতে পারবেন। অ্যাপটিতে পেমেন্ট, সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ক্যাশ আউট কিংবা ইউটিলিটি বিল পরিশোধ এবং ইন্টার অপারেবিলিটি সেবার মাধ্যমে গ্রাহকের লেনদেনের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। এটি দেশের ক্যাশলেস যাত্রাকে আরো বেগবান করতে সহায়তা করবে। স্বল্প সময়ের মধ্যে আরো আর্থিক সেবা যেমন গ্রাহকদের লোন দেওয়া, ফিক্সড ডিপোজিট ও ইন্স্যুরেন্সের মতো সেবা যুক্ত হবে।

লেনদেনজনিত প্রতারণার ঝুঁকি কমাতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ডিভাইস বাইন্ডিং সুবিধা চালু করা হয়েছে যা গ্রাহকের অ্যাকাউন্টের নিরাপত্তা দেবে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে অ্যাপটিতে যুক্ত রয়েছে বহুস্তরীয় আন্তর্জাতিক মানের নিরাপত্তা কাঠামো। উন্নত প্রযুক্তিভিত্তিক জালিয়াতি প্রতিরোধ ব্যবস্থার মাধ্যমে প্রতিটি অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, যাতে গ্রাহকরা সম্পূর্ণ নিশ্চিন্তে লেনদেন করতে পারেন। প্রতারণা ও এআই-ভিত্তিক হ্যাকিং রোধে অ্যাপটির নিরাপত্তায় যুক্ত রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স; যা রিয়েল-টাইমে সন্দেহজনক নিরাপত্তা ঝুঁকি চিহ্নিত করবে এবং প্রতিরোধ করবে।

এসব বিষয়ে নগদে বাংলাদেশ ব্যাংক নিযুক্ত প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, “গ্রাহকদের সর্বোচ্চ সুবিধা দেওয়ার পাশাপাশি তাদের আর্থিক নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন অ্যাপ চালু করা হয়েছে। নতুন অ্যাপে আমরা আধুনিক ইউজার ফ্রেন্ডলি অভিজ্ঞতার পাশাপাশি শক্তিশালী নিরাপত্তা কাঠামো যুক্ত করেছি। ফলে গ্রাহকরা আরও সহজে, দ্রুত এবং একই সঙ্গে নিজের তথ্য ও অর্থকে সুরক্ষিত রেখে তাদের দৈনন্দিন সব ডিজিটাল লেনদেন সম্পন্ন করতে পারবেন।”

তিনি আরও বলেন, নগদের মূল লক্ষ্য হলো এমন একটি ইকোসিস্টেম তৈরি করা, যাতে গ্রাহকরা এই একটি অ্যাপ থেকেই দৈনন্দিন সব আর্থিক লেনদেন সম্পন্ন করতে পারেন। গ্রাহকদের পরিবর্তনশীল আর্থিক চাহিদার কথা বিবেচনায় রেখে এই অ্যাপে প্রতিনিয়ত নতুন নতুন সেবা ও নিরাপত্তা বৈশিষ্ট্য যুক্ত হতে থাকবে বলেও জানান তিনি।