রাজধানীর ধানমন্ডির ফরচুন স্কয়ার কনভেনশন হলে বিয়ের অনুষ্ঠানে খাবার খেয়ে শতাধিক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। তাঁদের মধ্যে অনেকের ডায়রিয়ার মতো লক্ষণ ও বমির সমস্যা দেখা দিয়েছে বলে জানিয়েছেন অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথিরা।
গত শুক্রবার যুক্তরাষ্ট্রপ্রবাসী এক ব্যক্তির বিয়ের অনুষ্ঠানে খাবার খাওয়ার পর অসুস্থতার ঘটনা ঘটে বলে অভিযোগ। অনুষ্ঠানে অংশ নেওয়া পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তার ভাষ্য, তাঁর গাড়িচালকসহ সাতজন একসঙ্গে অসুস্থ হয়ে পড়েন। তাঁদের পেটের সমস্যা ও বমি হচ্ছিল। পরিচিত আরও কয়েকজনেরও একই ধরনের উপসর্গ দেখা দেয় বলে জানান তিনি।
অনুষ্ঠানে অংশ নেওয়া নওফেল আহমেদ জানান, তাঁর স্ত্রী, তিনি নিজে, মা ও সন্তান—পরিবারের চার সদস্যই অসুস্থ হয়ে পড়েন। তাঁর স্ত্রীকে নিয়ে হাসপাতালে চিকিৎসকের শরণাপন্নও হন তিনি। পরে অন্য অতিথিদের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন, সেদিন অনুষ্ঠানে খাবার খাওয়া অনেকেই একই সমস্যায় ভুগছেন।
অনুষ্ঠানের খাবারের তালিকায় ছিল কাচ্চি বিরিয়ানি, বিফ রেজালা, চিকেন রোস্ট ও বোরহানি। তবে খাবার খাওয়ার সময় কোনো অস্বাভাবিক গন্ধ বা স্বাদ পাননি বলে জানিয়েছেন কয়েকজন অতিথি। খাবারের কারণে অসুস্থতা হয়েছে কি না, তা এখনো পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায়নি।
ফরচুন কনভেনশন হলের ব্যবস্থাপক শোয়েব হাসান বলেন, তাঁদের দীর্ঘদিনের ক্যাটারিং কার্যক্রমে এমন ঘটনা আগে ঘটেনি। খাবারের উপকরণ কেনার পর অতিথিদের প্রতিনিধিদের দেখানো হয়েছিল বলে দাবি করেন তিনি। কী কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, তা খতিয়ে দেখতে ভিডিও পর্যালোচনা করা হচ্ছে। অতিথিদের কাছে থাকা অবশিষ্ট খাবার পরীক্ষাগারে পরীক্ষা করা হলে বিষয়টি সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে বলেও জানান তিনি।
ব্যবস্থাপক আরও জানান, অনুষ্ঠানটির জন্য ৩৫০ জনের বুকিং ছিল। তবে ঠিক কতজন খাবার খেয়েছেন এবং তাঁদের মধ্যে কতজন অসুস্থ হয়েছেন, সে বিষয়ে তাঁদের কাছে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই।








