অবৈধভাবে ইউরিয়া সার মজুতের দায়ে সিরাজগঞ্জের কামারখন্দে জামায়াতে ইসলামীর এক নেতাকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার (১ অক্টোবর) দিনগত রাতে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ধোপাকান্দি গ্রামে এ অভিযান চালানো হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মনিরুল ইসলাম (৪৫), তিনি উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমিরের দায়িত্বে রয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে তাঁর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সেখানে মজুত করা ১৮ বস্তা ইউরিয়া সার পাওয়া যায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাস্থলে গিয়ে সার মজুতের সত্যতা পাওয়া গেছে। তিনি জানান, সার ডিলার মনিরুল ইসলাম গুদাম থেকে সার এনে নিজের বাড়িতে মজুত করছিলেন। পরে সার ব্যবস্থাপনা আইনে তাঁকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানের সময় উপজেলা কৃষি কর্মকর্তা ফরিদ হোসাইনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। মনিরুল ইসলাম দাবি করেছেন, তিনি সরকার নির্ধারিত মূল্য ও নীতিমালা অনুযায়ী সার বিক্রি করে আসছেন এবং চাহিদা বেড়ে যাওয়ায় নিজের জমি ও স্থানীয় কৃষকদের জন্য সার বাড়িতে রেখেছিলেন।
বাড়িতে ইউরিয়া সার মজুত, জামায়াত নেতাকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড
সিরাজগঞ্জের কামারখন্দে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১৮ বস্তা সার
প্রকাশিত:
পড়তে ১ মিনিট

খবরটি শেয়ার করুন








