যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, একটি মহল ও আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ বিষয়ে সরকার সজাগ রয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে সত্যিকার অর্থে জনগণের বন্ধু হিসেবে কাজ করতে হবে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ভোলার যুগীরঘোল এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের জেলা প্রধান কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, ‘১৭ বছরের জঞ্জাল রাতারাতি পরিষ্কার করা সম্ভব নয়। এ জন্য কিছুটা সময় প্রয়োজন।’ জনগণের স্বার্থ ও অধিকার রক্ষায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সবকিছু করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।
তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দীর্ঘদিনের অস্থিতিশীল পরিস্থিতি থেকে দেশকে বের করে আনার পাশাপাশি অর্থনৈতিক ভঙ্গুরতা কাটিয়ে ওঠা এবং মানুষের বাকস্বাধীনতা ফিরিয়ে আনতে কাজ করছে। জনগণের উন্নয়ন ও কল্যাণ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। মন্ত্রী ও সংসদ সদস্যদের প্রধান দায়িত্ব জনগণের কাছে গিয়ে তাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, যুবক ও তরুণরা আগামীর ভবিষ্যৎ। ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে।
তিনি আরও বলেন, ইউনিয়ন ও তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় তৈরি এবং খেলাধুলাকে পেশা হিসেবে স্বীকৃতি দিতে ক্রীড়া ভাতা কার্যক্রম চালু করা হয়েছে।
পরে ভোলা জেলা শিল্পকলা একাডেমিতে তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন আমিনুল হক।










