ভোলায় যুব উন্নয়ন অধিদপ্তরের আওতাধীন ইলিশা বায়োগ্যাস পল্লীর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পটির উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
স্থানীয় যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আত্মকর্মসংস্থানে উৎসাহিত করার লক্ষ্যেই এ বায়োগ্যাস পল্লী স্থাপন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, দেশের যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও কর্মমুখী করে গড়ে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তির সঙ্গে যুবকদের সম্পৃক্ত করা গেলে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
তিনি বলেন, স্থানীয় সম্ভাবনাকে কাজে লাগিয়ে উদ্যোক্তা তৈরির পাশাপাশি যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়াতে যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে।
সংশ্লিষ্টরা জানান, ইলিশা বায়োগ্যাস পল্লীর মাধ্যমে পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদনের পাশাপাশি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির সুযোগ সৃষ্টি হবে। এর ফলে জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি পরিবেশ সুরক্ষায়ও ইতিবাচক ভূমিকা রাখার আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।










