দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএসের ভক্ত তিন কিশোরী অন্য দেশে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে কুড়িগ্রামে গিয়ে পথ হারিয়ে ফেলে। পরে এক পুলিশ কর্মকর্তার স্ত্রীর সন্দেহ ও বুদ্ধিমত্তায় তাদের উদ্ধার করা হয়েছে।

তিন কিশোরীর মধ্যে একজন অষ্টম শ্রেণি এবং দুজন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তাদের বাড়ি পাবনা সদর উপজেলার একটি গ্রামে। রোববার (২৭ সেপ্টেম্বর) স্কুলে যাওয়ার কথা বলে তারা বাড়ি থেকে বের হয়। পরিবারের পক্ষ থেকে পরে পাবনা সদর থানায় তিনটি পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

পুলিশ জানায়, তিন কিশোরী বিটিএসের ভক্ত এবং নিয়মিত টিকটক দেখত। তাদের একজনের সঙ্গে পরিবারের মনোমালিন্যের পর তিন বন্ধু মিলে অন্য দেশে চলে যাওয়ার পরিকল্পনা করে। প্রথমে সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। বাসে নাটোর, রংপুর হয়ে তারা কুড়িগ্রামে পৌঁছায়।

citytouch 728-X-90

কুড়িগ্রামে গিয়ে তারা পথ হারিয়ে ফেলে। সন্ধ্যার পর বাস টার্মিনালের আশপাশে থাকার জায়গা খুঁজতে গিয়ে একটি অপরিচিত মহল্লায় ঢুকে পড়ে। তাদের গতিবিধি দেখে সেখানে থাকা এক পুলিশ কর্মকর্তার স্ত্রী সন্দেহ করেন। পরে তিনি কৌশলে তিন কিশোরীকে নিজের বাড়িতে নিয়ে যান এবং স্বামী কুড়িগ্রাম সদর থানার এসআই তাজউদ্দিন আহম্মেদকে বিষয়টি জানান।

এসআই তাজউদ্দিন জানান, বাড়িতে গিয়ে কৌশলে তিন কিশোরীর কাছ থেকে তাদের ঠিকানা জেনে নেন। পরে পাবনা সদর থানা ও তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। কুড়িগ্রাম পুলিশের সহযোগিতায় পাবনা সদর থানা-পুলিশ তিন কিশোরীকে উদ্ধার করে সোমবার দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করে।

পাবনা সদর থানার ওসি তারিকুল ইসলাম বলেন, নিখোঁজের বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে পুলিশ কাজ শুরু করে। কুড়িগ্রাম সদর থানার এসআইয়ের মাধ্যমে তাদের অবস্থান নিশ্চিত হওয়ার পর নিরাপদে উদ্ধার করা হয়।

অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাবা বলেন, “ওরা ছোট মানুষ, ভুল করেছে। বাচ্চাদের ফিরে পেয়েছি—এটাই শুকরিয়া।”