জনসচেতনতা বৃদ্ধি এবং মানুষ ও পথপ্রাণীর নিরাপত্তা নিশ্চিত করতে জেসিআই ঢাকা নর্থের উদ্যোগে খুলনায় অনুষ্ঠিত হয়েছে “ফ্রি র‍্যাবিস ভ্যাকসিনেশন ক্যাম্পেইন–২০২৬”। মহানগরীর বিভিন্ন নির্বাচিত এলাকায় পরিচালিত এ কর্মসূচিতে মোট ২০০টি পথকুকুর ও বিড়ালকে বিনামূল্যে জলাতঙ্কের টিকা দেওয়া হয়েছে।

জেসিআই ঢাকা নর্থের অর্থায়নে আয়োজিত কর্মসূচিতে Gitanjali Trade and Industries Limited ও Wish Group স্পন্সর হিসেবে এবং Priyo Pet and Vet Care কারিগরি সহায়তা দিয়েছে।

citytouch 728-X-90

জেসিআই ঢাকা নর্থের লোকাল প্রেসিডেন্ট সফিউদ্দিন আলা রাজু বলেন, জলাতঙ্ক একটি প্রতিরোধযোগ্য রোগ। মানুষ ও প্রাণী উভয়ের সুরক্ষায় নিয়মিত টিকাদান এবং জনসচেতনতা গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগের মাধ্যমে প্রাণী কল্যাণের পাশাপাশি নিরাপদ ও স্বাস্থ্যকর সমাজ গঠনের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

কর্মসূচির মাধ্যমে পথপ্রাণীদের টিকাদানের পাশাপাশি স্থানীয় মানুষের মধ্যে জলাতঙ্ক প্রতিরোধ, প্রাণীর প্রতি দায়িত্বশীল আচরণ ও জনস্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সচেতনতা তৈরি করা হয়।

কর্মসূচিটির নেতৃত্ব দেন লোকাল স্কিল ডেভেলপমেন্ট ডিরেক্টর সুমন সাহা ও শাহ আরাফাত রহিব। সংশ্লিষ্টদের সমন্বিত প্রচেষ্টায় আয়োজিত এ উদ্যোগ প্রাণী কল্যাণ ও জনস্বাস্থ্য সচেতনতায় ভূমিকা রাখে।