মৌলভীবাজারের জুড়ীতে চাকরির পুলিশ ভেরিফিকেশনে পারিবারিক স্থাবর সম্পত্তি না থাকায় বিপাকে পড়েছিলেন এক তরুণ। দীর্ঘদিন ভাড়াটিয়া হিসেবে বসবাস করায় পরিবারের নামে কোনো জমি ছিল না। শেষ পর্যন্ত তার চাকরির বিষয়টি জানতে পেরে এক প্রতিবেশী স্বপ্রণোদিত হয়ে ১ শতক জমি বিনামূল্যে লিখে দিয়েছেন। এমনকি জমির দলিল রেজিস্ট্রেশনের খরচও নিজেই বহন করেছেন।

রোববার (৪ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন জুড়ী উপজেলার সাব-রেজিস্ট্রার মো. মহিউদ্দিন। সরকারি বিধিমালা ও গোপনীয়তার কারণে দাতা ও গ্রহীতার পরিচয় আপাতত প্রকাশ করা হয়নি।

জানা গেছে, জুড়ীর ওই তরুণ সোনালী ব্যাংকের নিয়োগ পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হন। পরবর্তী পুলিশ বা গোয়েন্দা ভেরিফিকেশনে পারিবারিক স্থাবর সম্পত্তির বিবরণ দিতে গিয়ে দেখা যায়, তার বাবার নামে কোনো জমি বা স্থাবর সম্পত্তি নেই। এতে নিয়োগ প্রক্রিয়ায় বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়।

citytouch 728-X-90

বিষয়টি জানতে পেরে প্রতিবেশী ওই তরুণের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। কোনো ধরনের আর্থিক বিনিময় ছাড়াই ১ শতক জমি দান করার পাশাপাশি দলিলের রেজিস্ট্রেশন খরচও তিনি বহন করেন।

ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে প্রশংসা তৈরি হয়েছে। বাসিন্দারা বলছেন, ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে প্রতিবেশীর বিপদে পাশে দাঁড়ানোর এই ঘটনা মানবিকতা ও সামাজিক সম্প্রীতির একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।