ফরিদপুরের ভাঙ্গায় তেলবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে রাকেশ মজুমদার (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্ত্রী মুন্নি মন্ডল (২০) আহত হয়েছেন।
সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় ভাঙ্গা-ফরিদপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় স্বামী-স্ত্রী দুজনই গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে রাকেশের মৃত্যু হয়।
নিহত রাকেশ মজুমদার মাদারীপুরের রাজৈর উপজেলার সাতপাড়া গ্রামের প্রণব মজুমদারের ছেলে। আহত তাঁর স্ত্রী মুন্নি মন্ডল ভাঙ্গা উপজেলার চান্দ্রা গ্রামের পরিমল মন্ডলের মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাকেশ তাঁর স্ত্রীকে সঙ্গে নিয়ে একটি পালসার মোটরসাইকেলে ফরিদপুর থেকে ভাঙ্গার দিকে যাচ্ছিলেন। পথে মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে প্রথমে ভাঙ্গায় এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে রাকেশ মারা যান। পরে তাঁর স্ত্রী মুন্নি স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফিরে যান।
ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. হাসান জানান, খবর পেয়ে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও তেলবাহী ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। আহত রাকেশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলেও জানান তিনি।










