নেত্রকোনার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল বারী আকন্দ হিরাসহ চারজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে মদন পৌরসভার সওদাগরপাড়া বালুর মাঠে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
পুলিশ জানায়, ওই এলাকায় অভিযান চালানোর সময় ইয়াবা ও গাঁজা সেবনের অভিযোগে চারজনকে আটক করা হয়। এ সময় আরও চার থেকে পাঁচজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।
আটক আব্দুল বারী আকন্দ হিরা (২৯) মদন উপজেলার কুলিয়াটি পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। তিনি বর্তমানে মদন বাজার এলাকায় বসবাস করেন এবং মদন পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আটক অন্য তিনজন হলেন মদন দক্ষিণপাড়া গ্রামের শান্তু মিয়ার ছেলে হুমায়ুন কবির (৩২), কাইকুরিয়া গ্রামের মৃত গনি মিয়ার ছেলে মো. মানিক (৩০) এবং আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের দেবাদ্দর গ্রামের আ. জলিলের ছেলে তারেক (২৪)।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম জানান, মাদক সেবনের অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।










