মাদারীপুর শহরের শকুণি লেকপাড়ে জেলা ও দায়রা জজের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে।

খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। বিস্ফোরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিকে, একই এলাকায় স্বাধীনতা অঙ্গনে মঙ্গলবার বিকেল ৪টায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহসহ শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

citytouch 728-X-90

সমাবেশ শুরুর কয়েক ঘণ্টা আগে বিচারকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনার সঙ্গে এনসিপির সমাবেশের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, এনসিপির অভ্যন্তরে কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। আবার সমাবেশকে কেন্দ্র করে ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যেও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে বিস্ফোরণের প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন তিনি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।