ফরহাদ হোসেন রাজ, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের বাজিতপুরে জমি নিয়ে বিরোধের জেরে
৪৯ শতাংশ জমি খনন করে মাটি কাটার অভিযোগ উঠেছে।
শনিবার (১০ অক্টোবর) উপজেলার দিঘীরপাড় (ঘোষপাড়া) এলাকায় সরেজমিনে একটি ভেকু (খননযন্ত্র) ও মাটি কাটার চিত্র দেখা গেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন জমির মালিকানা দাবিদার মাহমুদ মিয়া।
মাহমুদ মিয়ার অভিযোগ,
বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতে মামলা চলমান থাকা অবস্থায় প্রতিপক্ষের লোকজন তাঁর দাবিকৃত জমির প্রায় ৪৯ শতাংশ খনন করে মাটি কেটেছেন। জমিটি নিয়ে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা জজ প্রথম আদালতে ১৮০/২০২১ নম্বরের অন্য আপিল মামলা চলমান রয়েছে বলে লিখিত অভিযোগে উল্লেখ করেছেন তিনি।
মাহমুদ মিয়ার ছেলে হাজী আকবরের দাবি, তাঁদের ১৫৬ শতাংশ জমির মধ্যে প্রায় ৪৯ শতাংশ খনন করা হয়েছে। তার অভিযোগ, মামলার বিবাদী পক্ষের মৌখিক অনুমতি নিয়ে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি জমিতে মাটি কাটছেন। এ ঘটনায় তাঁরা বিচার দাবি করেন।
অভিযোগের বিষয়ে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহীদুল্লাহ বলেন, জমির মালিকানা নিয়ে বিরোধের বিষয়টি কাগজপত্র যাচাই করে দেখতে হবে। দুই পক্ষকে ডেকে জমির দলিলসহ প্রয়োজনীয় কাগজপত্র পর্যালোচনা করে বিষয়টি বোঝার সুযোগ রয়েছে। জমির মালিকানা নির্ধারণ মূলত আদালতের বিষয়।
তিনি আরও বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গেছে। জমি নিয়ে বিরোধের কারণে যাতে কোনো মারামারি বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।









