শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর ২০২৬ মাসের সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘মহারশী’-তে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন।

সভায় উপস্থিত ছিলেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য মো. রাশেদুল ইসলাম রাশেদ, জেলা পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, স্থানীয় সরকারের উপপরিচালক আরিফা সিদ্দিকা, সিভিল সার্জন, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, পাবলিক প্রসিকিউটর, শেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তারা, প্রেসক্লাবের সভাপতি, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিরা, জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা।

citytouch 728-X-90

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনায় মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ প্রতিরোধে অভিযান জোরদার, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং মোবাইল কোর্টের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা ও সরকারি সেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

আসন্ন শারদীয় দুর্গাপূজা সামনে রেখে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে সভায় উপস্থিত অংশীজনেরা একমত পোষণ করেন। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।